পীযূষসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মালামাল কেনার নামে দুর্নীতির অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং মালয়েশিয়ার এক নাগরিকসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার বিকেলে দুদকের উপপরিচালক হামিদুল হাসান শিল্পাঞ্চল থানায় এ মামলা করেন।
এফডিসির আধুনিকায়নের জন্য যন্ত্রপাতি কেনার নামে সরকারের ৩ কোটি ৪৬ লাখ ৫৮ হাজার ৫২০ টাকার আর্থিক ক্ষতি সাধন করার অভিযোগ আনা হয়েছে মামলায়।
পীযূষ বন্দ্যোপাধ্যায় ছাড়াও অন্য আসামিরা হলেন মালয়েশিয়ার নাগরিক জন নোয়েল, যন্ত্রপাতি সরবরাহকারী স্থানীয় প্রতিনিধি খন্দকার শহীদুল ও প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।
এজাহারে বলা হয়েছে, ক্রয়-প্রক্রিয়ায় পীযূষ বন্দ্যোপাধ্যায়সহ এফডিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা পেশাগত দায়দায়িত্ব পালনে অবহেলা করেছেন। প্রাক্-জাহাজীকরণ পর্যায়ে প্রযোজ্য বিধিবিধান অনুসরণের পরিবর্তে মনগড়া বিশ্লেষণের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের পরিবর্তে চীনের তৈরি মালামাল জাহাজীকরণের অনুমতি দিয়েছেন। মালামাল গ্রহণ কমিটির সুপারিশ আছে বলে মিথ্যা তথ্য দিয়ে চুক্তিবহির্ভূত চীনের তৈরি মালামাল গ্রহণ করে মূল্য পরিশোধ করেছেন।