পীর সেজে মাদকের ব্যবসা, অতঃপর ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পীর সেজে মাদকের ব্যবসা করেছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আনদুয়া গ্রামের আবদুর রহমান (৬২)। এই অপরাধে ভ্রাম্যমাণ আদালত গত শনিবার তাঁকে দেড় বছরের সাজা দিয়েছেন। ওই দিনই তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পলাশবাড়ী থানা-পুলিশ সূত্র জানায়, আবদুর রহমান দীর্ঘদিন ধরে পীর সেজে মাদক ব্যবসা চালিয়ে আসছেন। তিনি এলাকায় ল্যাংটা বাবা বলে পরিচিত। তাঁর ঘরটি বিশেষভাবে সাজানো। দরজায় লাল কাপড়ে লেখা ‘পীর আবদুর রহমান ওরফে ন্যাংটা বাবা’। ভেতরে তাঁর বসার মঞ্চ ফুল দিয়ে সুসজ্জিত।
তিনি পীরের বেশে এখানে বসেই মাদক ব্যবসা পরিচালনা করেন। মাদকসেবীরাও তাঁর অনুসারী সেজে এখানে এসে গাঁজা ও ফেনসিডিল সেবন করত। খুচরা বিক্রেতারা তাঁর কাছ থেকে মাদকদ্রব্য কিনে ব্যবসা করতেন।
শনিবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে নির্বাহী হাকিম আবদুর রাফিউল আলমের নেতৃত্বে পুলিশ ও গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।
পরে নির্বাহী হাকিম আবদুর রাফিউল আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আবদুর রহমানকে এই সাজা দেন। এ সময় তাঁর কাছ থেকে পাঁচ কেজি গাজা ও নেশা করার বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
একই দিন পলাশবাড়ী উপজেলার নওদা, নান্দিশহর, উদয় সাগর, রায়গ্রাম ও দুবলাগাড়ি গ্রামে অভিযান চালিয়ে আরও পাঁচজন মাদক ব্যবসায়ীকে ছয় মাস থেকে এক বছর করে সাজা দেওয়া হয়। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন নায়েব আলী, লাইলী বেগম, আয়নাল হক, মোমেনা খাতুন ও মিলন মিয়া।
নির্বাহী হাকিম আবদুর রাফিউল আলম ওই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কারাদণ্ড দেওয়ার কথা নিশ্চিত করেছেন।