পীরগঞ্জ ও নাটোরে বাসে ককটেল নিক্ষেপ, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০-দলীয় জোটের অবরোধ-হরতাল চলাকালে আজ বুধবার রাতে রংপুরের পীরগঞ্জ ও নাটোরের বাগাতিপাড়ায় যাত্রীবাহী বাসে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। পৃথক এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

আমাদের গাইবান্ধা প্রতিনিধি জানান, জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট বাজারের অদূরে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ফাইভস্টার মোড় এলাকায় আজ রাত আটটার দিকে একটি যাত্রীবাহী বাসে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বাসের তিন যাত্রী আহত হন।
আহত ব্যক্তিরা হলেন: কনা খাতুন (২০), বেবি বেগম (২৫) ও শহিদুল ইসলাম (৪৫)। তাঁদের মধ্যে কনা খাতুনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বেবি বেগম ও শহিদুল ইসলামকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, রাতে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা এনআর পরিবহনের একটি বাস ৩০ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। বাসটি ফাইভস্টার মোড় এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা এটি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। এতে বাসের জানালার গ্লাস ভেঙে ওই তিন যাত্রী আহত হন।
এদিকে নাটোর থেকে আমাদের প্রতিনিধি জানান, রাত পৌনে নয়টার দিকে বাগাতিপাড়া উপজেলার কাকফো এলাকায় যাত্রীবাহী বাসে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বাসের চালক ও তাঁর সহকারী আহত হন।
বাড়াতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।