পীরগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় স্বামীর নির্যাতনে কুলফাতুন (৩০) নামের গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী মো. মিস্টারকে (৪০) পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার উপজেলার সেনুয়া গ্রামে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে মো. মিস্টারের সঙ্গে একই গ্রামের কুলফাতুনের বিয়ে হয়। এরপর থেকেই যৌতুকের জন্য কুলফাতুনকে তাঁর স্বামী মারধর করতেন। এ নিয়ে একাধিকবার সালিস-মীমাংসাও হয় গ্রামে। এ দম্পতির ১০ মাস বয়সী একটি ছেলে আছে। মৃত্যুর সময় কুলফাতুন অন্তঃসত্ত্বা ছিলেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে মিস্টার তাঁর স্ত্রী কুলফাতুনকে মারধর করতে থাকেন। এ সময় কুলফাতুনের চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। রাত আড়াইটার দিকে কুলফাতুনের চিৎকার থেমে যায়। অবস্থা বেগতিক দেখে মিস্টার স্ত্রীকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক কুলফাতুনকে মৃত ঘোষণা করলে মিস্টার সটকে পড়েন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবদুল ওয়াহেদ বলেন, এ ঘটনায় ওই গৃহবধূর ভাই ফেরুল ইসলাম বাদী হয়ে মিস্টারসহ ছয়জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। গত শনিবার দুপুরে পলাতক মিস্টারকে গ্রেপ্তার করা হয়।