পীরগঞ্জে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের হাজিপুর ইউনিয়নের এক গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে গত সোমবার রাতে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ভোররাতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি হলেন একান্নপুর গ্রামের জাহাঙ্গীর আলম (২০)।
এজাহারের বিবরণ অনুযায়ী, হাজিপুর ইউনিয়নের মালগাঁও ডাঙ্গীপাড়ার গ্রাম পুলিশ মো. দবিরুল ইসলাম (৩২) গত রোববার পীরগঞ্জ থানায় সাপ্তাহিক হাজিরা দিয়ে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ওই দিন বেলা দেড়টার দিকে পৌর শহরের রঘুনাথপুর উচ্চবিদ্যালয়ের সামনে পাকা রাস্তায় পাঁচ-ছয়জন রডসহ ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। হামলাকারীরা তাঁর গলা চেপে ধরেন ও ইউনিফর্ম ছিঁড়ে ফেলেন। তাঁর পাঁচ হাজার টাকাও ছিনিয়ে নেন তাঁরা। এরপর রড ও লাঠি দিয়ে তাঁকে বেধড়ক পেটানো হয়। তাঁর চিৎকারে লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দবিরুল ইসলামের বাবা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সোমবার রাত সাড়ে নয়টায় নয়জনের বিরুদ্ধে মামলা করেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান বলেন, জাহাঙ্গীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরার চেষ্টা চলছে।