পীরগঞ্জে চালককে খুন করে রিকশাভ্যান ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলায় চালককে হত্যা করে রিকশাভ্যান ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কুমেদপুর ইউনিয়নের গুর্জিপাড়া-খালাশপীর সড়কের কাঞ্চনপুর এলাকার ধানখেত থেকে রিকশাভ্যানের চালক মিলন মিয়ার (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ।

মিলন উপজেলার মদনখালী ইউনিয়নের ধাড়াকোল এলাকার কৃষক মাসুদ রানা ওরফে টুলু মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক।

চালককে খুন করে রিকশাভ্যানটি ছিনিয়ে নেওয়া হলেও হত্যার মূল কারণ এখনো উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ।

নিহত ভ্যানচালকের স্ত্রী চন্দনা বেগম বলেন, ‘ওমার (স্বামী) সাথে কারও কোনো শত্রুতা আছল না।’

নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, মিলন রিকশাভ্যান চালিয়ে প্রতিদিন রাত ১০-১১টায় বাড়ি ফিরতেন। সোমবার রাতেও বাসায় ফিরছিলেন তিনি। গুর্জিপাড়া-খালাশপীর সড়কের কাঞ্চনপুর এলাকায় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে ভ্যানটি নিয়ে যায়। তবে ভ্যান ছিনতাই কিংবা পূর্বশত্রুতার জের ধরে তাঁকে হত্যা করে ভ্যান ছিনতাই করা হয়েছে কি না, তা তদন্ত ছাড়া এ মুহূর্তে বলা সম্ভব নয়। মঙ্গলবার সকালে ওই এলাকার লোকজন পুলিশকে খবর দেন। এরপর কাঞ্চনপুর এলাকার একটি ধানখেত থেকে লাশ উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, নিহত মিলনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চন্দনা বেগম বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন।