পীরগঞ্জে দুই মাস পর অপহৃত গৃহবধূ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার অপহৃত গৃহবধূকে অপহরণের প্রায় দুই মাস পর গতকাল বুধবার ভোরে উদ্ধার করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। পরে পীরগঞ্জ থানায় মামলাটি এজাহারভুক্ত করা হয়।
ওই মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১০ বছর আগে ওই গৃহবধূর বিয়ে হয়। বিয়ের পর তিনি গাজীপুরের একটি পোশাক তৈরি কারখানায় চাকরি নেন। তিনি মাঝেমধ্যে স্বামী-সন্তানের সঙ্গে দেখা করতে স্বামীর বাড়িতে যাতায়াত করতেন। ২২ ডিসেম্বর তিনি গাজীপুর থেকে স্বামীর বাড়িতে আসেন। ২৪ ডিসেম্বর বিকেলে স্বামীকে সঙ্গে নিয়ে তিনি তাঁর (গৃহবধূ) বাবার বাড়িতে যান। ওই দিন রাত আনুমানিক আটটার দিকে স্থানীয় এক ব্যক্তি অপর দুই ব্যক্তির সহযোগিতায় ওই গৃহবধূকে তাঁর বাবার বাড়ি থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান।
বিষয়টি ওই গৃহবধূর বাবা আশপাশের লোকজনকে জানান ও বিভিন্ন স্থানে খোঁজ করে মেয়েকে খুঁজে না পেয়ে গত ৫ জানুয়ারি ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ছয় ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করেন। ট্রাইব্যুনালের বিচারকের নির্দেশে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধিত-২০০৩) আইনের ৭/৩০ ধারায় পীরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রেকর্ড করা হয়। এরপর ওই গৃহবধূকে উদ্ধারে পুলিশ বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালায়। অবশেষে গতকাল ভোরে তাঁকে উদ্ধার করা হয়।
পীরগঞ্জ থানায় গতকাল বেলা ১১টার দিকে গিয়ে এ বিষয়ে ওই গৃহবধূর কাছে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান বলেন, গতকাল ভোরে অভিযান চালিয়ে দিনাজপুরের বোচাগঞ্জ থানার একটি গ্রাম থেকে ওই গৃহবধূকে উদ্ধার করা হয়।