পীরগঞ্জে নিবন্ধনের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বশভাঙ্গা বসন্তপুর উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থীদের নাম নিবন্ধনের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩১ জন শিক্ষার্থীর অভিভাবক গত বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, তাঁরা (অভিভাবক) খোঁজ নিয়ে জানতে পারেন, নাম নিবন্ধনের বোর্ড ফি ২০০ থেকে ২৩০ টাকার মধ্যে সাধারণত হয়ে থাকে। অথচ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রছাত্রীদের নাম নিবন্ধনের নামে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১০-১২ দিন ধরে ৪০০ থেকে ৫০০ টাকা হারে আদায় করছেন প্রধান শিক্ষক। শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের চাপের মুখে টাকা দিতে বাধ্য হচ্ছে। ওই টাকা গ্রহণ করছেন প্রধান শিক্ষক নিজেই। প্রধান শিক্ষক বিনা রসিদে টাকা নিচ্ছেন ও তাঁর নির্দেশে বিদ্যালয়ের কেরানি সাদা কাগজে তালিকা করছেন। এভাবে বিনা রসিদে টাকা আদায় ও সাদা কাগজে নামের তালিকা করে রাখার বিষয়টি তাঁদের (অভিভাবক) কাছে সন্দেহ হয়। তাই তাঁরা এ ঘটনায় জেলা প্রশাসকের হস্তক্ষেপের জন্য ওই লিখিত অভিযোগ দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের এক ছাত্রীর অভিভাবক বলেন, ‘বোর্ড ফি ২০০ টাকা; অথচ প্রধান শিক্ষক আদায় করছেন ৪০০ থেকে ৫০০ টাকা। দেশে কি আইন নেই। আমি বেশি টাকা দিয়ে মেয়ের রেজিস্ট্রেশন করাব কেন?’
এ ব্যপারে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আফজাল হোসেন বলেন, ‘এখনো বোর্ডের চিঠিই ইস্যু হয়নি। অথচ প্রধান শিক্ষক মনগড়া খাত বানিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিবন্ধনের নামে ৪০০ থেকে ৫০০ টাকা হারে বিনা রসিদে আদায় করছেন।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্মনারায়ণ রায় গতকাল শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কিছু খাত আছে, যে খাতে প্রধান শিক্ষক একক সিদ্ধান্তেই টাকা আদায় করতে পারেন। আমি ৪০০ টাকা হারে নিবন্ধন ফি নির্ধারণ করে নোটিশ দিয়েছি। নবম শ্রেণির ৫০ জনের মধ্যে কিছু শিক্ষার্থীর টাকা আদায় হয়েছে। এখনো অনেকের বাকি আছে।’
পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘আমি অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব।’