পীরগঞ্জে প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মজিবর রহমানের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের চারজন কার্যসহকারী ওই প্রকৌশলীর বিরুদ্ধে ১৪ জুন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই অভিযোগে উল্লে­খ করা হয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মজিবরের নির্দেশে হিসাবরক্ষক হাফিজার রহমান ২ জুন কার্যসহকারী বেলাল হোসেনের নামে ২২ হাজার, অপর তিন কার্যসহকারী আবদুস সালাম সরকার, শফিকুল ইসলাম ও আফিজুর রহমানের নামে ১৪ হাজার করে মোট ৬৪ হাজার টাকার টিএ বিল (ট্রাভেল অ্যালাউন্স) স্থানীয় সোনালী ব্যাংক শাখা থেকে উত্তোলন করেন। এরপর ওই প্রকৌশলী হিসাবরক্ষকের মাধ্যমে চার কার্যসহকারীকে ডেকে দুই হাজার করে টাকা দিয়ে স্বাক্ষর চাইলে তাঁরা স্বাক্ষর দিতে অস্বীকার করেন। এ সময় উপজেলা প্রকৌশলী তাঁদের গালাগালসহ বিভিন্ন ধরনের হুমকি দেন। এ ছাড়া উপজেলা প্রকৌশলী মজিবরের নির্দেশে অফিস অডিট মেটানোর অজুহাত দিয়ে গত এপ্রিল মাসের বেতন-ভাতা থেকে ওই চারজন কার্যসহকারীর কাছ থেকে দুই হাজার করে আট হাজার টাকা, কম্পিউটার অপারেটর কল্পনা রানী, নৈশপ্রহরী নারায়ণ চন্দ্র ও আবদুর রাজ্জাকের কাছে এক হাজার করে তিন হাজার এবং অফিস সহকারী তাসলিমা বেগমের কাছে দুই হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা কেটে নেওয়া হয়। এই টাকাও উপজেলা প্রকৌশলী আত্মসাৎ করেছেন বলে অভিযোগে উল্লে­খ করা হয়েছে।
ওই অভিযোগে আরও বলা হয়, জানুয়ারি থেকে এখন পর্যন্ত উপজেলায় প্রায় আট কোটি টাকা ব্যয়ে ১০টি সড়কের কার্পেটিং ও সিলকোট কাজ সম্পন্ন হয়েছে। এসব কাজ করা হয়েছে নিম্নমানের ইরানি বিটুমিন দিয়ে। ওই সড়কগুলোর কাজ করার সময় বিধি মোতাবেক তদারকির দায়িত্বে থাকার কথা উপসহকারী প্রকৌশলী ও কার্যসহকারীদের। কিন্তু কার্যসহকারীদের না রেখে বিধিবহির্ভূতভাবে মাস্টাররোলে নিয়োজিত অফিস সহকারী ইব্রাহীম আলী ও সার্ভেয়ার লুৎফর রহমানকে দিয়ে কাজ তদারকি করা হয়েছে।
কার্যসহকারী আফিজুর বলেন, ‘উপজেলা প্রকৌশলী আমাদের দিয়ে সড়কসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ফায়দা হাসিল করতে না পেরে বিমাতাসুলভ আচরণ করছেন।’
কার্যসহকারী সালাম বলেন, ‘উন্নয়নকাজ যেমনই হোক উপজেলা প্রকৌশলীর ঘুষ চাই। ঘুষ এনে দিতে না পারায় কার্যসহকারীদের কাজ তদারকির দায়িত্ব দিচ্ছেন না তিনি। বিভিন্ন অজুহাতে দফায় দফায় আমাদের বেতন-ভাতা ও টিএ বিল থেকে টাকা কেটে নিচ্ছেন।’
তবে হিসাবরক্ষক হাফিজার রহমান বলেন, ‘ওই চারজন কার্যসহকারীর নামে ৬৪ হাজার টাকা টিএ বিল তোলা হয়েছে। এ টাকার ভাগ ইঞ্জিনিয়ার স্যার একটু বেশি নিয়েছেন। আর চার কার্যসহকারীকে দুই হাজার করে টাকা দিতে চাওয়ায় তাঁরা স্যারের ওপর ক্ষুব্ধ হয়েছেন। এটা অফিশিয়াল ব্যাপার, ঠিক হয়ে যাবে।’
উপজেলা প্রকৌশলী মজিবর সম্প্রতি মুঠোফোনে বলেন, ‘টিএ বিলের টাকা কার্যসহকারীদের বুঝিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন উন্নয়নমূলক কাজে কার্যসহকারীরা দায়িত্ব পালন করছেন। হয়তো কোনো কারণে তাঁরা মিথ্যা বলছেন।’
জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বজলুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। কিন্তু ওই টিএ বিল এখনো তোলা হয়নি বলে শুনেছি। কার্যসহকারীদের সংযুক্ত না রেখে কোনো উন্নয়নমূলক কাজ করার সুযোগ নেই। ভবিষ্যতে যাতে উপসহকারী প্রকৌশলীদের পাশাপাশি কাজে কার্যসহকারীদের সার্বক্ষণিক দায়িত্বে রাখা হয়, সে ব্যাপারে নির্দেশ দেওয়া হবে। অভিযোগটিও তদন্ত করে দেখা হবে।’