পীরগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যক্তির মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত হবিবর রহমান (৫০) নামের এক ব্যক্তির গতকাল শুক্রবার মৃত্যু হয়েছে। হবিবরের বাড়ি উপজেলার বৈরচুনা ইউনিয়নের রামনা চান্দোহর গ্রামে।
রামনা চান্দোহর গ্রামে ৫ ফেব্রুয়ারি ওই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই (৫ ফেব্রুয়ারি) হবিবরের শ্যালক মজিবর রহমান (৪৮) বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
মামলার এজাহার ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, রামনা চান্দোহর গ্রামের মজিবর হোসেনের (৫২) পাঁচ মেয়ে। মজিবর তাঁর মেয়ে শাপলা আক্তারকে একই গ্রামের মজিবর রহমানের ছেলে দেলোয়ার হোসেনের সঙ্গে বিয়ে দিতে অনেক দিন ধরে চেষ্টা করছিলেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে ৫ ফেব্রুয়ারি সকালে শাপলার বাবা মজিবর তাঁর ভাই-ভাতিজাসহ ১৩ থেকে ১৪ জনকে নিয়ে মজিবর রহমানের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির লোকজনকে মারধর করেন। একপর্যায়ে মজিবর রহমানের ভগ্নিপতি হবিবর ঘটনাস্থলে এলে প্রতিপক্ষের লোকেরা কোদাল দিয়ে তাঁর (হবিবর) মাথায় আঘাত করে। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে মজিবর রহমানের ভাই হবি মোহাম্মদ ও তাঁর ভাতিজা মতিয়ার রহমানও আহত হন।
প্রথমে গুরুতর আহত হবিবরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে হবিবরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গতকাল সকালে তাঁর মৃত্যু হয়।
হবিবরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শওকত হোসেন।