পীরগঞ্জে বাজার ইজারা নিতে জাল পে-অর্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাসপীর হাটের ইজারা নিতে ৩৫ লাখ টাকার জাল পে-অর্ডার জমা দেওয়ার ঘটনা ঘটেছে। মোস্তাফিজার রহমান নামে এক ইজারাদার ওই পে-অর্ডার দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা প্রকাশের পর থেকেই তিনি আত্মগোপনে।
হাট-বাজার ইজারা কমিটির সভাপতি ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম জিয়াউল ইসলাম বলেন, জাল পে-অর্ডার জমা দেওয়ার কারণে মোস্তাফিজারের বিরুদ্ধে শিগগির আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় দরদাতার পে-অর্ডার যাচাইয়ের পর হাট-বাজার ইজারা কমিটির সভায় তাঁকে কাজ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
ইউএনওর কার্যালয় সূত্র জানায়, খালাসপীর হাট এক বছরের জন্য ইজারা দিতে ১৬ ফেব্রুয়ারি দরপত্র আহ্বান করা হয়। সে অনুযায়ী তিনজন ইজারাদার দরপত্র জমা দেন। নিয়ম অনুযায়ী, দরপত্রের সঙ্গে প্রথম কিস্তিতে হাট ইজারার মোট টাকার শতকরা ৩০ শতাংশ যেকোনো ব্যাংকের পে-অর্ডারের মাধ্যমে দিতে হবে। পীরগঞ্জ উপজেলার ঠাকুরদাস লক্ষ্মীপুর গ্রামের মোস্তাফিজার রহমান ১ কোটি ১১ লাখ ৭ টাকা দর প্রদান করে দরপত্র জমা দেন। সঙ্গে গত ১১ ফ্রেব্রুয়ারি দরপত্রের মোট টাকার শতকরা ৩০ শতাংশের কিছু বেশি মোট ৩৫ লাখ টাকার একটি পে-অর্ডার দরপত্রের সঙ্গে জমা দেন।
ইজারায় অংশ নেওয়া অন্য দুইজন ইজারাদার কম দর উল্লেখ করায় মোস্তাফিজারের দরপত্রই সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রথম নির্বাচিত হয়। দ্বিতীয় দরদাতা উপজেলার কাদিরাবাদ গ্রামের আনিছার রহমান মোস্তাফিজারের পে-অর্ডার জাল সন্দেহে ১৯ ফেব্রুয়ারি হাট-বাজার ইজারা কমিটির সভাপতি ও ইউএনও বরাবর একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে প্রথম দরদাতা মোস্তাফিজারকে কাজ না দিয়ে তাঁর পে-অর্ডারটি সংগ্রহের জন্য ব্যাংকে পাঠানো হয়। ব্যাংক থেকে জানিয়ে দেওয়া হয়, এই নাম, তারিখ ও নম্বরে কোনো পে-অর্ডার করা হয়নি। পে-অর্ডারটি জাল।
আনিছার রহমানের ইজারামূল্য ৯৮ লাখ ৩৩ হাজার ৩০৩ টাকা। রংপুর ও পীরগঞ্জের পাঁচটি ব্যাংক থেকে তিনি ২৯ লাখ ৫০ হাজার টাকার ছয়টি পে-অর্ডার দরপত্রের সঙ্গে জমা দেন। এসব পে-অর্ডারে কোনো সমস্যা নেই বলে ব্যাংক থেকে জানানো হয়। তৃতীয় দরদাতা রংপুর শহরের বাবুখা গ্রামের আবেদ আলীর ইজারামূল্য ছিল ৯৭ লাখ ১২ হাজার টাকা।