পীরগঞ্জে বিকাশ কর্মীকে গুলি করে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলায় রেজাউল ইসলাম নামের এক বিকাশ কর্মীকে গুলি করে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দুপুরে উপজেলার পীরগঞ্জ-চতরা সড়কের নাখারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রেজাউল উপজেলার মিঠিপুর ইউনিয়নের রওশনপুর গ্রামের নুরুল আমীনের ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে রেজাউল মোটরসাইকেলে করে বিকাশের বিভিন্ন এজেন্টের কাছে টাকা পৌঁছে দিতে পীরগঞ্জ থেকে উপজেলার চতরা হাটের দিকে যাচ্ছিলেন। অপর একটি মোটরসাইকেল নিয়ে তাঁকে তিন দুর্বৃত্ত অনুসরণ করে। রেজাউল নাখারপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে তাঁকে গুলি করা হয়। একটি গুলি তাঁর ডান পায়ে লাগলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এরপর দুর্বৃত্তরা দেড় লাখ টাকার ব্যাগটি নিয়ে চলে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে রেজাউলকে উদ্ধার করেন। এরপর স্থানীয় লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। তিনি এখন হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
থানার ওসি রেজাউল করিম বলেন, ঘটনাটি তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।