ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় বিভিন্ন ইউনিয়নের প্রাক্-প্রাথমিক, বয়স্ক ও সহজ কুরআন শিক্ষাকেন্দ্রে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা শাখার মাঠ পরিদর্শকের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রাথমিক বাছাই তালিকায় থাকা নিয়োগপ্রার্থীদের মধ্যে ১৪ জন গত রোববার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁরা ওই লিখিত অভিযোগের কপি ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) দিয়েছেন।
ওই অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ২৮ ডিসেম্বর ইউএনও কার্যালয়ে ওই পদগুলোয় শিক্ষক নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা হয়। পরীক্ষায় ১০৫ জনকে প্রাথমিক প্যানেলভুক্ত করা হয়। পরে স্থানীয় মাঠ পরিদর্শক মো. ফরহাদুজ্জামান মোটা অঙ্কের টাকা খেয়ে মনগড়া একটি তালিকা তৈরি করেন। এ বছরের ১৮ জানুয়ারি পীরগঞ্জ শাখা কার্যালয়ে লোক দেখানো পরীক্ষা নেন ফরহাদুজ্জামান।
হাজীপুরের প্যানেল তালিকাভুক্ত ফরিদা ইয়াসমীন বলেন, ‘দুই বছর আগে মৌখিক পরীক্ষা দিয়েছি। আমাদের তালিকার কোনো খবর নেই। মাঠ পরিদর্শক ফরহাদুজ্জামান ১৮ জানুয়ারি তাঁর অফিসে আমাদের ডাকেন। আমাদের মধ্য থেকে তাঁর পছন্দের মহিলা ও পুরুষকে একা অফিসের ভেতরে ডেকে নিয়ে টাকা খেয়ে মনোনীত করেছেন। আমরা এর বিচার চাই।’ একই ধরনের অভিযোগ করেন মো. জামালউদ্দীন, সোহাগ আলী, মিলি আক্তারসহ আরও সাত-আট নিয়োগপ্রার্থী।
ইসলামিক ফাউন্ডেশন পীরগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, ফাউন্ডেশনের ঠাকুরগাঁও উপপরিচালকের কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী পাঁচ সদস্যের নিয়োগ কমিটির সভাপতি ইউএনও এ বি এম ইফতেখারুল ইসলামের নেতৃত্বে তাঁর কার্যালয়ে গত ২৩ জানুয়ারি অনুষ্ঠিত সভায় বিভিন্ন ইউনিয়নের নয়জন শিক্ষক বাছাই করা হয়।
মাঠ পরিদর্শক মো. ফরহাদুজ্জামান গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে মুঠোফোনে প্রথম আলোকেবলেন, ‘আমি সদস্যসচিব হিসেবে তালিকা দাখিল করেছি। কমিটির সিদ্ধান্তেই শিক্ষকের তালিকা তৈরি করা হয়। এতে আমার কোনো হাত নেই। টাকা খেয়ে লোক নিয়োগ দেওয়ার অভিযোগ সত্য নয়।’
ইউএনও ইফতেখারুল ইসলাম খন্দকার গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদের মনোনীতদের প্রাধান্য দিয়ে আমরা একটি তালিকা তৈরি করে জেলায় পাঠিয়েছি। জেলা ফাউন্ডেশন কার্যালয়ে মৌখিক পরীক্ষা নিয়ে তাঁদের নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। তাঁদের অভিযোগ সত্য নয়।’
ইসলামিক ফাইন্ডেশনের ঠাকুরগাঁও উপপরিচালক মো. দেলোয়ার হোসেন গতকাল বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পীরগঞ্জের ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোগ্রাম আছে, তাই ঢাকায় আছি। ঢাকা থেকে ফিরেই এ ব্যাপারে তদন্ত কমিটি করে ব্যবস্থা নেব।’