পীরগঞ্জে শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগে এক তরুণের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির বাবা। গত শনিবার রাতে পীরগঞ্জের ভেবরা গ্রামে এ ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানায় দায়ের করা মামলার বিবরণ থেকে জানা যায়, ওই শিশুটি ভেবরা গ্রামের এক নারীর কাছে প্রাইভেট পড়ে। প্রতিদিনের মতো গত শনিবার প্রাইভেট পড়া শেষে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফেরার পথে ওই গ্রামের এক তরুণ শিশুটিকে গ্রামের একটি পুকুর পাড়ে নিয়ে ধর্ষণ করেন। পরে মেয়েটির মুখ চেপে ধরে তার বাড়ির কাছে পৌঁছে দিয়ে পালায়। মেয়েটি বাড়িতে এসে ঘটনা জানালে তাকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে মেয়েটি ঠাকুরগাঁও হাসপাতালে চিকিৎসাধীন।
থানা সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি হয়েছে। ওসি কে এম শওকত হোসেন বলেন, অভিযুক্ত তরুণ পালিয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।