পীরগঞ্জে স্বাস্থ্য সহকারী অপহৃত, বাদীকে হুমকি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিক্ষানবিশ এক নারী স্বাস্থ্য সহকারীকে ১৩ সেপ্টেম্বর অপহরণ করা হয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার ওই নারীর বাবা উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান থানায় একটি অপহরণ মামলা করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ওই স্বাস্থ্য সহকারী বগুড়ার টিএমএমএস মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে (মেটস) চার বছরের প্রশিক্ষণ কোর্স করেছেন। ওই প্রশিক্ষণ শেষে তিনি গত ২৬ আগস্ট থেকে এই স্বাস্থ্য কমপ্লেক্সে তিন মাসের ইন্টার্নশিপ করছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলার আটাপাড়া মহল্লার সাইফুল ইসলামের ছেলে ফজলে রাব্বি (৪০) ওই দিন (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাত-আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিয়ে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরে তাঁরা ওই নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে ডেকে আনেন। এরপর তাঁরা তাঁকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যান। তাঁর বাবা বেলা দুইটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়েকে নিতে এসে দেখেন, মেয়ে নেই। পরে তিনি থানায় জিডি করেন।
ওই নারীর বাবা জানান, তিনি একটি মুঠোফোনের সূত্রে ঠিকানা পেয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তিকে নিয়ে গত সোমবার বগুড়ার আটাপাড়ায় মেয়ের খোঁজ করতে যান। সেখানে আসামিপক্ষ তাঁদের উল্টো হুমকি দেয়। তিনি বলেন, ‘আইনের আশ্রয় নিলে ক্ষতি করা হবে, ফজলে রাব্বি মুঠোফোনে আমাকে মাঝে মাঝেই এমন হুমকি দিচ্ছেন।’
পীরগঞ্জ থানার ওসি ইশতেসাম বলেন, ‘আমরা মামলার তথ্য বগুড়া পুলিশের কাছে পাঠিয়ে দিয়েছি। মেয়েটিকে উদ্ধারের জন্য জোর তৎপরতা অব্যাহত রেখেছি।’