পীরগঞ্জে হাতি দিয়ে চলছে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের লোহাগাড়া কলেজ মাঠের মেলা-সার্কাস বন্ধ হলেও সার্কাসের হাতি দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। এতে গ্রাম ও শহরের ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে এক ঘণ্টা হাতি দিয়ে পীরগঞ্জ পৌর শহরের শহীদ ইশাহাক আলী, বঙ্গবন্ধু ও শহীদ অধ্যাপক গোলাম মোস্তফা সড়কের ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি করা হয়েছে। পৌর শহরের মুদি দোকানদার আ. রহিম বলেন, ‘হাতিটা সরাসরি দোকানের কাছে মাথাটা ঢুকিয়ে দেওয়ায় আমি ভয় পেয়ে যাই। আমি ১০ টাকা বের করতেই হাতিটা শুঁড় দিয়ে নিয়ে নেয়।’ জানা গেছে, ১৫ ডিসেম্বর শুরু হওয়া বিজয় মেলায় ২৪ ডিসেম্বর থেকে দি নিউ সোনার বাংলা সার্কাসের প্রদর্শনী শুরু হয়। শুরু থেকেই দিনের বেলা সালামির নামে হাতি দিয়ে চাঁদাবাজি শুরু করা হয়।
সার্কাসের ব্যবস্থাপক মোজাফ্ফর হোসেন বলেন, হাতিগুলোকে কলাগাছ খাওয়ানোর জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যেতে বলা হয়েছিল। কিন্তু মাহুতকে চাঁদাবাজি করার অনুমতি দেওয়া হয়নি।’
পীরগঞ্জ থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, ‘চাঁদাবাজির সময় আমাকে ফোন করে জানালে ফোর্স পাঠিয়ে ব্যবস্থা নেব।’