পীরগঞ্জে ২১ দিনে ছয়টি মোটরসাইকেল চুরি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোটরসাইকেল মালিকদের মধ্যে আবারও চুরির আতঙ্ক দেখা দিয়েছে। গত ২৩ মে থেকে ১২ জুন পর্যন্ত উপজেলায় ছয়টি মোটরসাইকেল চুরি হয়েছে। গত বছরও ২৫ দিনে ছয়টি মোটরসাইকেল
ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল মালিকদের সূত্রে জানা যায়, ১২ জুন সকাল নয়টায় উপজেলার জসাইপাড়া গ্রামের আকবর আলীর ছেলে গিয়াস উদ্দীনের ১০০ সিসির হিরো হোন্ডা মোটরসাইকেলটি লোহাগাড়া বাজার থেকে চুরি হয়। তিনি হ্যান্ডেল লক করে মোটরসাইকেলটি বাজারে রেখে মাংস কিনতে গিয়েছিলেন। ১৫ মিনিটের মধ্যে ফিরে এসে দেখেন তা নেই। একইভাবে চুরি হয় আরও পাঁচ মোটরসাইকেল।
পীরগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা যায়, এর আগে গত বছরও ১০ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত ২৫ দিনে পীরগঞ্জে ছয়টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছিল। তখন পুলিশ বিভিন্ন সংযোগ সড়কে চেকপোস্ট বসিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে কিছুটা সফলও হয়। কিন্তু গত মাস থেকে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত চক্রটি আবারও সক্রিয় হয়ে উঠেছে।
থানার ওসি মকবুল হোসেন বলেন, মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।