পীরগাছায় জাপা নেতা খুন
রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়ন জাতীয় পার্টির (এ) সভাপতি ও সাবেক ইউপি সদস্য সদরুল ইসলামকে (৪৫) দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত জাপা নেতা উপজেলার দামুরচাকলা গ্রামের বাসিন্দা ছিলেন। হত্যার ঘটনায় সদরুল ইসলামের স্ত্রী শিরিন আক্তার উপজেলার ইটভাটা ও কয়লা ব্যবসায়ী আসাদুজ্জামানকে প্রধান আসামি করে গত শনিবার ২২ জনের নামে হত্যা মামলা করেছেন। পুলিশ ইটাকুমারী ইউনিয়নের হাসনা গ্রামের আমির হামজা (৪৫) ও এম এম ইটভাটার নৈশপ্রহরী বুদ্ধি মেম্বারকে (৬০) গ্রেপ্তার করেছে।
পীরগাছা থানা-পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সদরুল এক সঙ্গীসহ মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে কালীগঞ্জ বাজারের একটু দূরে কয়েকজন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় সদরুলের সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী জব্বারও (৪০) পালিয়ে যান। পুলিশ অবশ্য গত শনিবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করে।