পীরগাছায় আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলায় রাসেল মিয়া (৩০) নামের আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে নিজ বাড়ির পাশের ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
রাসেল উপজেলার কান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন। এ ঘটনায় তাঁর ভগ্নিপতি মকবুল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল সকাল ১০টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের মনিরামপুর গ্রামের ধানখেত থেকে রাসেলের লাশ উদ্ধার করা হয়। তাঁর ঘাড়, পিঠ, মাথা ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
রাসেলের স্ত্রী শিল্পী বেগম জানান, বৃহস্পতিবার রাতে কারও ডাক শুনে তাঁর স্বামী বের হয়ে যান। এরপর আর তিনি ফিরে আসেননি। সকালে বাড়ির পাশের একটি ধানখেতে তাঁর লাশ পাওয়া যায়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, যথাযথ তদন্ত ছাড়া এ হত্যাকাণ্ডের কারণ বলা সম্ভব নয়। এ ঘটনায় নিহত ব্যক্তির ভগ্নিপতি মকবুল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।