পীরগাছায় পোস্টারে আচরণবিধি লঙ্ঘন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলার পীরগাছা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনীত দুই প্রার্থীর পোস্টারে দলীয় প্রধান ও অন্য নেতাদের ছবি ব্যবহার করা হয়েছে। এসব পোস্টার বিভিন্ন এলাকায় সাঁটানো হয়েছে।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রশিদুল ইসলামের নির্বাচনী পোস্টারের ওপরে বাঁ দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। পাশাপাশি দলীয় প্রধান শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছবি রয়েছে। পোস্টারের ওপরের ডান দিকে রয়েছে আওয়ামী লীগের স্থানীয় সাংসদ টিপু মুন্‌শির ছবি। নৌকা প্রতীক রয়েছে পোস্টারের মাঝখানে। এই পোস্টারের নিচে লেখা রয়েছে, সাধারণ সম্পাদক, ৭ নম্বর পীরগাছা সদর ইউনিয়ন শাখা, আওয়ামী লীগ।

একই ইউপিতে জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী পোস্টারের ওপরের বাঁয়ে রয়েছে দলীয় প্রধান এরশাদের ছবি। তবে পোস্টারের মাঝখানে পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের ছবি রয়েছে। প্রার্থীর ছবি রয়েছে ওপরের ডান দিকে। এই পোস্টারের নিচে লেখা রয়েছে, ৭ নম্বর পীরগাছা ইউনিয়নবাসী।

গতকাল সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের সেনপাড়া, অনন্তরাম, গুয়াবাড়ি, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে, চৌরাস্তার মোড়, বড় পানসিয়াসহ আরও কিছু এলাকায় বাসাবাড়ি, দোকানপাট, রেলওয়ে স্টেশন এলাকায় দুই প্রার্থীর পোস্টার সাঁটানো হয়েছে।

জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী রশিদুল ইসলাম বলেন, ‘আমার নামে এসব পোস্টার কারা লাগিয়েছে, তা আমি জানি না। দলের নেতা-কর্মীরা হয়তো বা এ কাজ করতে পারেন। তবে এসব পোস্টার তুলে ফেলার ব্যবস্থা করা হচ্ছে।’

জাতীয় পার্টির প্রার্থী শাহ মো. রনজু মিয়া বলেন, ‘এসব পোস্টার আমি করিনি। তবে আজই (গতকাল) জানার পর নিজ উদ্যোগে এসব পোস্টার তুলে ফেলার উদ্যোগ নিয়েছি।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা এ টি এম সেলিম গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আপনাদের কাছেই শুনলাম। এসব পোস্টার অপসারণে খুব শিগগির উদ্যোগ নেওয়া হচ্ছে।’