পীরগাছায় প্রতিমা ভাঙচুর, তরুণ গ্রেপ্তার
রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের স্বচাষ চওড়াপাড়া কালীমন্দিরে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সুমন মিয়া (২৭) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুমনের বাড়ি উপজেলার ফতা গ্রামে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সার্কেল-২) সাইফুর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর আলম ও উপপরিদর্শক (এসআই) মোমিনুর রহমান।
কালীমন্দির কমিটির সভাপতি দিলীপ কুমার রায় বলেন, যে সময় ঘটনাটি ঘটে, সে সময় টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। মন্দিরে কেউ ছিল না। এই সুযোগে প্রতিমা ভাঙচুর করা হয়। ভাঙচুর করে চলে যাওয়ার সময় সুমনকে অনেকে দেখে ফেলেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।
পীরগাছা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় দিলীপ কুমার রায় সুমনকে অভিযুক্ত করে মামলা করেছেন।