পীরের বিরুদ্ধে ওসির জিডি
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ মঞ্জুর কাদেরকে টেলিফোনে পীর জাকির শাহ হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওসি গত শনিবার রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কুতুববাগ দরবার শরিফের পীর জাকির শাহর রাজধানীর ফার্মগেট এলাকায় খানকা রয়েছে।
জিডিতে ওসি অভিযোগ করেন, সদর মডেল থানার বিপরীতে অবস্থিত বহুতল আবাসিক ভবন আল জয়নাল প্লাজার মালিক জয়নাল আবেদীন প্রতি রাতে এশার নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কুতুববাগ দরবার শরিফের পক্ষে বাইরে মাইক লাগিয়ে উচ্চ স্বরে জিকির প্রচার করেন। এ ঘটনায় এলাকাবাসী জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রতিকার চেয়ে আবেদন জানান। সদর থানার কর্তৃপক্ষ দুই মাস আগে পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী জয়নাল আবেদীনকে ডেকে বাইরে মাইক লাগিয়ে শব্দদূষণ না করে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখতে সহযোগিতার অনুরোধ জানান। কিন্তু জয়নাল আবেদীন তাতে কর্ণপাত করেননি। এলাকাবাসীর অনুরোধে গত সপ্তাহে জয়নাল আবেদীনের মাইক জব্দ করা হয়। শনিবার পীর জাকির শাহর এক ভক্ত ওসিকে মুঠোফোনে জাকির শাহকে ধরিয়ে দেন। পীর জাকির শাহ ওসিকে হুমকি দিয়ে বলেন, ‘কীভাবে থানায় ওসিগিরি করবি, তা দেখিয়ে দেব। মন্ত্রীসহ অনেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আমার মুরিদ।’ তিন দিনের মধ্যে ওসিকে বদলিসহ শাস্তিমূলক ব্যবস্থা নেবেন বলে হুমকি দেন পীর।
হুমকি দেওয়ার ব্যাপারে জাকির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।