রাজধানীর মিরপুরের পীরেরবাগে এক ঠিকাদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ঠিকাদার আনিসুর রহমানকে (৪৫) প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তিনি ওই হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।
হাসপাতালে আনিসুরের সঙ্গে থাকা তাঁর বন্ধু রবি বলেন, পীরেরবাগের ইকবাল রোডে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন আনিসুর। এ সময় দুই ব্যক্তি হেঁটে এসে আনিসুরকে গুলি করে চলে যায়। তবে কারা কী কারণে তাঁকে গুলি করেছে, সে বিষয়ে রবি কিছু বলতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আনিসুরের কানে, পিঠে ও হাতে গুলি লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
মিরপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দিল মোহাম্মদ বলেন, ঘটনা শুনে কয়েকজন কর্মকর্তা সেখানে গেছেন। তবে থানায় এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য নেই।