পুকুর ইজারায় পুকুরচুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জুট মিলের পাট ও পরিবহন ব্যবসায়ী মোখলেসুর রহমানের ছেলে আশরাফুজ্জামান একজন অটিস্টিক। গত বছরের ৫ জুলাই জুট মিল কর্তৃপক্ষ আশরাফুজ্জামানের কাছে একটি চিঠি পাঠায়। এতে বলা হয়, এক বছর আগে আশরাফুজ্জামান জুট মিলের একটি পুকুর ইজারা নিয়েছেন কিন্তু ইজারামূল্য পরিশোধ করেননি। চিঠিতে তাঁকে প্রায় দেড় লাখ টাকার ইজারামূল্য পরিশোধ করতে বলা হয়।
ছেলের নামে এই চিঠি দেখে মোখলেসুর রহমান হতভম্ব হয়ে যান। কারণ, তাঁর অটিস্টিক ছেলে পুকুর ইজারার ব্যাপারে কিছুই জানেন না। তিনি ১৩ জুলাই বাংলাদেশ পাটকল করপোরেশনের সচিব বরাবর বিষয়টি জানিয়ে একটি আবেদন করেন।
এরপর এ ঘটনায় তদন্ত শুরু হয়। তদন্তে ধরা পড়ে ২০১৩ সালের ১৫ মার্চ থেকে ২০১৫ সালের ১৪ মার্চ পর্যন্ত পুকুরটি ইজারা দেওয়া হয়েছে। ইজারাদার হিসাবে মোখলেসুর রহমানের ছেলে আশরাফুজ্জামানের নাম এবং ‘পাট ও হার্ডওয়্যার ব্যবসায়ী, কাটাখালী বাজার, রাজশাহী জুট মিলের ২ নম্বর গেট’-এর ঠিকানা ব্যবহার করা হয়েছে। এটি মোখলেসুর রহমানের ব্যবসাপ্রতিষ্ঠানের ঠিকানা।
তদন্তসূত্রে জানা গেছে, আশরাফুজ্জামানের নাম ব্যবহার করে প্রকৃতপক্ষে স্থানীয় ব্যবসায়ী মঞ্জুর রহমান পুকুরটি ইজারা নেন। এর পরপরই তিনি পুকুরটি পবা উপজেলার কাঁটাখালী পৌর এলাকার মৎস্য ব্যবসায়ী সাদেক আলীর কাছে প্রায় দ্বিগুণ মূল্যে ইজারা দিয়েছেন। কিন্তু তিনি জুট মিলকে ইজারামূল্য পরিশোধ করেননি।
সূত্র জানায়, জুট মিলের তৎকালীন প্রকল্প কর্মকর্তা নাজমুল হোসেন চৌধুরী ও ব্যবসায়ী মঞ্জুর রহমান গোপন যোগসাজশে পুকুরটি ইজারার প্রক্রিয়া সম্পন্ন করেন। ইজারার টাকা মিলের পক্ষে আদায় দেখানোর জন্য মঞ্জুর রহমান দুটি ভুয়া চেক জুট মিলের তহবিলে জমা দেন। কয়েক মাস পরে প্রকল্প কর্মকর্তা চেক দুটি না ভাঙিয়েই মঞ্জুর রহমানকে ফেরত দেন। ফলে জুট মিল কর্তৃপক্ষ তখন দেড় লাখ টাকা ইজারামূল্য বাবদ কোনো টাকাই পায়নি। উপরন্তু সাদেক আলীর কাছ থেকে আদায় করা টাকা মঞ্জুর রহমান ও প্রকল্প কর্মকর্তা ভাগ-বাঁটোয়ারা করে নেন।
তদন্তে বিষয়টি ধরা পড়ার পরে জুট মিলের তৎকালীন প্রকল্প কর্মকর্তা নাজমুল হোসেন চৌধুরীর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। আর ব্যবসায়ী মঞ্জুর রহমানকে বাংলাদেশ পাটকল করপোরেশন কালোতালিকাভুক্ত করেছে। তিনি সরকারি কোনো পাটকলের সঙ্গে কোনো ধরনের ব্যবসা করতে পারবেন না।
বিভাগীয় মামলা হওয়ার পরে চলতি বছরের ১৯ এপ্রিল বাংলাদেশ জুট মিল করপোরেশনের মহাব্যবস্থাপক (বিপণন) শামীম রেজা খান রাজশাহী জুট মিল তদন্তে আসেন। এ ব্যাপারে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, তদন্তের বিষয়টি তিনি তদন্ত প্রতিবেদনেই বলবেন। তার আগে কিছু জানতে চাইলে তিনি বর্তমান প্রকল্প কর্মকর্তা জিয়াউল হকের কাছে জানতে বলেন।
জিয়াউল হক বলেন, এক দফা তদন্তের পর সম্প্রতি আশরাফুজ্জামানের পক্ষে পুকুরের ইজারামূল্য পরিশোধ করা হয়েছে। তিনি সেই টাকা বুঝে পেয়েছেন। আর পুকুর ইজারা দেওয়া-সংক্রান্ত দুর্নীতির কথা তিনি বলতে চাননি। তিনি বলেন, যেহেতু তদন্ত হচ্ছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁরও কিছু বলা উচিত নয়।
জানতে চাইলে সাদেক আলী বলেন, তিনি মঞ্জুর রহমানের কাছ থেকে পুকুরটি ইজারা নিয়েছেন। কত টাকায় নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, মঞ্জুর রহমানেরই দুই লাখ টাকা খরচ হয়েছিল। তিনি তার সঙ্গে কিছু দিয়েছেন। আর কিছু মাছ দেওয়ার চুক্তি হয়েছিল। ইতিমধ্যে তিনি দুই বছর পুকুর ভোগদখল করেছেন। মাস খানেক আগে তিনি নতুন করে নিজের নামে পুকুরটি ইজারা নিয়েছেন।
আগের ইজারাটি কীভাবে নেওয়া হয়েছিল জানতে চাইলে ব্যবসায়ী মঞ্জুর রহমান বলেন, পুকুরটি তিনি তাঁর ছেলের নামেই ইজারা নিয়েছিলেন। ইজারার টাকা শোধ করা হয়েছে, আর ঝামেলাও শেষ—বলেই তিনি ফোন কেটে দেন।
এ ব্যাপারে জানতে চাইলে ব্যবসায়ী মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মঞ্জুর রহমানের ছেলের নামে পুকুর ইজারা নেওয়া হলে আমার ছেলের ঠিকানায় এবং তার মুঠোফোন নম্বরসহ কেন মিল থেকে ইজারার টাকা পরিশোধের চিঠি দেওয়া হলো কেন? তার চেয়ে বড় কথা তদন্তে বিষয়টি ধরা পড়েছে। মঞ্জুর রহমানকে কালোতালিকাভুক্ত করা হয়েছে। আগের প্রকল্প কর্মকর্তার নামে বিভাগীয় মামলা হয়েছে। এরপর আর কিছু বলার থাকে না।’