পুকুর খননে অনিয়ম দুর্নীতির অভিযোগ

সিরাজগঞ্জের নিমগাছী সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। এই প্রকল্পের অধীনে ১৩৫টি পুকুরে খননকাজ করার কথা। কিন্তু অধিকাংশ পুকুর খনন না করে পাড় বেঁধেই সংস্কারকাজ শেষ করা হচ্ছে। এতে ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পকেট ভারী হলেও পুকুরগুলো বরাদ্দ পাওয়া মৎস্যজীবীরা ভোগান্তি পোহাবেন বলে অভিযোগ করেছেন।
সংশ্লিষ্ট প্রকল্প কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে ছয় বছরমেয়াদি সমাজভিত্তিক মৎস্য চাষ ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে মাছের উৎপাদন বাড়াতে প্রকল্পটি হাতে নেওয়া হয়। এই প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের তাড়াশ, রায়গঞ্জ ও পাবনার চাটমোহর উপজেলার মৎস্যজীবীদের নামে বরাদ্দ দেওয়া ১৩৫টি পুকুর খনন ও সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম দফায় গত ২৭ অক্টোবর ৫৫টি পুকুরের বিপরীতে ৩ কোটি ২৬ লাখ এবং দ্বিতীয় দফায় গত ২১ ডিসেম্বর ৮০টি পুকুর, দুটি কার্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণসহ ৩ কোটি ৮৫ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। চলতি বছরের ২৪ জানুয়ারি ও ১০ মার্চ পৃথক দুটি কার্যাদেশের মাধ্যমে দুই দফায় সংশ্লিষ্ট ঠিকাদারদের ১২০ দিনের মধ্যে কাজ সম্পন্ন করতে বলা হয়। নিয়মানুযায়ী এসব পুকুরের পাড় বাঁধাসহ তলদেশে গড়ে আড়াই থেকে তিন ফুট গভীর করে কাটার কথা।
১৭ ও ১৮ মে তাড়াশ ও রায়গঞ্জ ঘুরে দেখা গেছে, অধিকাংশ পুকুরের তলদেশ থেকে মাটি না কেটে এক্সকাভেটর দিয়ে (মাটি কাটার যন্ত্র) কেবল চারপাশ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে। সেই মাটিও কেটে রেখে দেওয়া হয়েছে পুকুরের পাড়েই। কোনোটি এখনো কাটাই শুরু হয়নি।
তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বড় নীতিশাল ও ছোট নীতিশাল নামের দুটি পুকুর সংস্কারের কাজ সম্পন্ন দেখানো হয়েছে। এই দুটি পুকুরের বিপরীতে বরাদ্দ ৩০ লাখ টাকা। তবে স্থানীয় লোকজনের অভিযোগ, এই দুটি পুকুরের চারপাশের মাটি কাটা হলেও মাঝের মাটি কাটা হয়নি। এই কাজের তত্ত্বাবধানে থাকা রবিউল ইসলাম বলেন, বৃষ্টির কারণে পুকুরের জমিন কাদা হয়ে যাওয়ায় মাটি কাটা সম্ভব হচ্ছে না।
বড় নীতিশাল পুকুরের ঠিকাদার আবুল কালাম আজাদ ও ছোট নীতিশালের আবদুস সালাম বলেন, পুকুরের বাকি অংশও খনন করা হবে। কার্যাদেশের তারিখ বাড়াতে আবেদন করা হয়েছে।
একই উপজেলার নওগাঁ ইউনিয়নের শাকুয়াদীঘি গ্রামে পাশাপাশি অবস্থিত পাটনার গাড়ি, উত্তর পারান্দা, নন্দীতলা, কালিআইন্দা, আইন্দা নামের পাঁচটি পুকুর রয়েছে প্রকল্পের অধীন। এর মধ্যে শুধু পাটনার গাড়ি পুকুরের খননকাজ শুরু হয়েছে।
সংস্কারকাজ তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, যে পরিমাণ কাজ করা হবে, সেটুকুর বিলই দেওয়া হবে।
তবে প্রকল্প পরিচালক আবদুস সালাম দাবি করেন, যথাযথ নিয়মেই পুকুর খনন চলছে। তিনি বলেন, বরাদ্দ দেরিতে পাওয়ায় কাজের দরপত্র আহ্বান ও তা শুরু করতে কিছুটা দেরি হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যেই সব পুকুরের খননকাজ শেষ হবে। আর তা না হলে পরের বছর কাজ করা হবে।