পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার
দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা উত্তরপাড়া এলাকার একটি পুকুর থেকে আজ বৃহস্পতিবার সকালে দুটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
সাত বছর বয়সী ওই দুই শিশুর নাম মো. ফাহিম ও মো. খোকন। তারা শুভাঢ্যা পূর্বপাড়া এলাকার নয়াশুভাঢ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত।
ফাহিমের বাবা মো. মহিউদ্দিনের বাড়ি কুমিল্লায়। তিনি শুভাঢ্যা মধ্যপাড়া এলাকায় থাকেন। জর্দার কৌটার কারখানায় কাজ করেন। তাঁর দুই ছেলেমেয়ের মধ্যে ফাহিম ছোট।
খোকনের বাবা মো. শহীদ মালয়েশিয়াপ্রবাসী। তাঁর স্ত্রী মাহফুজা বেগম তিন মেয়ে ও একমাত্র ছেলে খোকনকে নিয়ে শুভাঢ্যা উত্তরপাড়া এলাকায় থাকেন।
পারিবারিক সূত্র জানায়, ফাহিম ও খোকন গতকাল বুধবার দুপুরের দিকে খেলতে বের হয়ে আর বাড়ি ফেরেনি। গতকাল অনেক খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান পাওয়া যায়নি। আজ ভোরে শুভাঢ্যা উত্তরপাড়া এলাকায় মাইদুল মিয়ার পুকুরে শিশু দুটির লাশ ভাসতে দেখে এলাকাবাসী। লাশ দুটি উদ্ধারের পর বিষয়টি মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।
শিশু দুটির মৃত্যুর কারণ সম্পর্কে পরিবারের সদস্যরা সুনির্দিষ্ট করে কিছু জানাননি। তবে তাঁরা এ বিষয়ে কোনো অভিযোগও করেননি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর বলেন, এ ব্যাপারে তিনি অবগত নন। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।