পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিখোঁজের দুই দিন পর পান্না বেগম (২০) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার কাদিপুর ইউনিয়নের পূর্ব মনসুর এলাকার একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

পান্নার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার শিংপুর গ্রামে। তিনি স্বামী জুয়েল মিয়া ও এক সন্তানসহ পূর্ব মনসুর এলাকায় একটি কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। কুলাউড়া পৌর শহরের বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করতেন তিনি।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত বুধবার বিকেলে পান্না শারীরিক অসুস্থতার কারণে কাজ করতে না পারার কথা জানাতে একটি বাসার উদ্দেশে বের হন। পরে আর বাসায় ফেরেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। আজ সকালে পূর্ব মনসুর এলাকায় সড়কের পাশে একটি বাড়ির সামনের পুকুরে তাঁর লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে আজ সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহত পান্নার স্বামী জুয়েল মিয়া দাবি করেন, পান্না বেশ কিছু দিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাঁদের পরিবারে কোনো কলহ ছিল না। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা তিনি বুঝতে পারছেন না।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আবু আল মামুন সাংবাদিকদের বলেন, পান্নার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।