পুকুর থেকে বালু উত্তোলন ভাঙনের ঝুঁকিতে বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলার কালিচরণপুর বাজারের পাশের একটি পুকুর থেকে প্রায় পাঁচ মাস ধরে বালু তোলা হচ্ছে। ইতিমধ্যে পুকুরের আশপাশে ভাঙন দেখা দিয়েছে। যেকোনো সময় বাজারের বিশাল অংশ ধসে পড়তে পারে।
কালিচরণপুর বাজারের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারটি ১০০ বছরের বেশি পুরোনো। এ বাজারে বহু ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি রয়েছে ইউনিয়ন পরিষদের ভবন, একটি করে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়। পাশের চার-পাঁচ গ্রামের লোকজন এই বাজারে কেনাবেচা করেন। বাজারের পাশে রয়েছে স্মৃতি কুমার মিত্রি নামের একজনের চার বিঘা আয়তনের একটি পুকুর। প্রায় পাঁচ মাস আগে স্মৃতি কুমারকে টাকা দিয়ে চুক্তি করে পুকুর থেকে বালু তোলা শুরু করেন ফারুক হোসেন নামের এক ব্যক্তি। তখন ব্যবসায়ীরা জানতে চাইলে স্মৃতি কুমার জানান, পুকুরটি মাছ চাষের উপযোগী করতে বালু তোলা হচ্ছে। ১৫ থেকে ২০ ফুটের বেশি গভীর করা যাবে না শর্তে ফারুককে বালু তুলতে দেওয়া হয়।
তবে বালু তোলা শুরুর দুই মাসের মাথায় পাশের বদনপুর গ্রামের ক্ষমতাসীন দলের দুই সমর্থক হোসেন আলী ও ইবাদুল ইসলাম পুকুর ছেড়ে দিতে ফারুক হোসেনকে চাপ দেন। এর জের ধরে ফারুকের এক সহযোগীকে মারধরও করা হয়। একপর্যায়ে পুকুর ছেড়ে চলে যান ফারুক। এর পর থেকে বালু তুলছেন হোসেন ও এবাদুল। তাঁরা প্রতিদিন খননযন্ত্র (ড্রেজার) দিয়ে হাজার হাজার ঘনফুট বালু তুলে বিক্রি করছেন। ইতিমধ্যে পুকুরটি কমপক্ষে ৫০ ফুট গভীর হয়ে গেছে। এতে ভেঙে পড়ার ঝুঁকির মুখে পড়েছে বাজারটি।
ফারুক হোসেন বলেন, মাছ চাষ করার মতো পানি না থাকায় পুকুরটির সংস্কারের প্রয়োজন পড়ে। এ জন্য কিছু বালু তুলে তিনি বিক্রি করেন। এটা দেখে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাঁকে (ফারুক) তাড়িয়ে দিয়ে পুকুরটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে দেদার বালু তুলে বিক্রি করছেন।
স্মৃতি কুমার মিত্রি বলেন, পুকুর থেকে ইচ্ছামতো বালু তোলার কারণে ইতিমধ্যে আশপাশে ভাঙন দেখা দিয়েছে।
ইবাদুল ইসলাম বলেন, পাঁচ বছরের জন্য তাঁরা পুকুরটি নিয়েছেন। সেখান থেকে বালু তুলছেন। বাজারের যাতে ক্ষতি না হয় সেভাবে বালু তোলা হচ্ছে। ইতিমধ্যে ভাঙন শুরু হয়েছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এটা তিনি দেখেননি।
কালিচরণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, বালু তোলার কারণে বাজারটি ভাঙনের মুখে। বিষয়টি জরুরিভাবে দেখা দরকার।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলকার নাইন বলেন, এভাবে বালু তোলা ঠিক না। তিনি বিষয়টি দেখবেন।