পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, জামাতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে নালিতাবাড়ী উপজেলায় ছালুয়াতলা গ্রামে আজ শনিবার সকালে পুকুর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করার পর লাশ পুকুরে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বৃদ্ধের জামাতাকে আটক করা হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে ছালুয়াতলা গ্রামে নিজ বাড়ির পাশের পুকুর থেকে মোফাজ্জল হোসেনের (৬০) লাশ উদ্ধার করে পুলিশ। আটক হওয়া জামাতা মারফত আলী (৩২) একই উপজেলার পোড়াগাঁওয়ের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, বেশ কিছুদিন ধরে ব্যবসা করার জন্য শ্বশুর মোফাজ্জলের কাছে টাকা চেয়ে আসছিলেন জামাতা মারফত আলী। মোফাজ্জল টাকা দিতে অস্বীকার করেন। গতকাল শুক্রবার রাতে মারফত ছালুয়াতলা গ্রামে শ্বশুরবাড়িতে আসেন। রাতে কোনো এক সময় মোফাজ্জলকে তিনি শ্বাসরোধে হত্যা করেন বলে সন্দেহ করা হচ্ছে। এ সময় মোফাজ্জলের স্ত্রী ও মেয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
আজ সকালে মোফাজ্জলের স্ত্রী বাড়ি ফিরে স্বামীকে দেখতে না পেয়ে প্রতিবেশীদের বিষয়টি জানান। খোঁজাখুঁজি করার একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে মোফাজ্জলের লাশ পানি ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানা গেছে।

নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, এলাকাবাসীর মাধ্যমে মারফতকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শ্বশুরকে শ্বাসরোধে হত্যা করার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানো হচ্ছে।