পুকুর নিয়ে বিরোধে যুবলীগ নেতা নিহত
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বৈগ্রামে পুকুরের মালিকানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে বদিউজ্জামান সুজন (৩৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত সুজন বোয়ালদাড় ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন জানিয়ে হাকিমপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন উর রশিদ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, আজ সকালে বৈগ্রাম যুব ক্লাবের সদস্যরা ক্লাবের পাশের পুকুরে কচুরিপানা পরিষ্কার করতে নামেন। এ সময় ওই গ্রামের শফিকুল ইসলাম ও তাঁর ছেলে রবিউল ইসলাম পুকুরের মালিকানা দাবি করে কাজ বন্ধ করে দেন। তখন উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বদিউজ্জামান সুজনকে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে যেতে বলেন। পথে তাঁর মৃত্যু হয়।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মো. মোস্তফা আবু হেনা বলেন, সুজনের মাথার ডানপাশ লাঠির আঘাতে কেটে যায়। এ ছাড়া মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
এদিকে সুজন নিহত হওয়ার খবর গ্রামে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় তাঁরা শফিকুলের বাড়িতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেন। একপর্যায়ে তাঁর বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে শফিকুল ও তাঁর ছেলে রবিউলসহ বাড়ির লোকজন পলাতক রয়েছেন।
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর জানান, মামলার প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে। দুপুর সাড়ে ১২টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।