পুকুর পাড়ে এবার দোকান নির্মাণ করছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের পুলিশ ক্লাব পুকুরের দক্ষিণ পাড়ে এবার দোকানঘর নির্মাণ করছে পুলিশ। এ জন্য পুকুরের ভেতরেও কংক্রিটের খুঁটি পোঁতা হয়েছে।
গত শনিবার সরেজমিনে দেখা গেছে, নগরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অদূরে ওই পুকুরের পাড়ে একদল শ্রমিক কাজ করছেন। তাঁরা কংক্রিটের খুঁটির ওপর কাঠের কাঠামো তৈরি করছেন।
মো. দেলোয়ার হোসেন নামের একজন শ্রমিক বলেন, টিনের ছাউনি দিয়ে পুকুরের দক্ষিণ পাড়ে অন্তত আটটি দোকানঘর নির্মাণ করা হবে। পরে পশ্চিম পাড়েও একই ধরনের দোকান করা হবে। এসব দোকান পুলিশ ভাড়া দেবে।
জেলা রাজস্ব বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরিশাল বগুরা-আলেকান্দা মৌজায় পুলিশের নামে ৭৫ শতাংশ সম্পত্তি রয়েছে। এর একটা অংশ ক্লাব ও বাকি প্রায় ৩০ শতাংশ পুকুর। এর আগে পুকুরটি ছিল প্রায় ৫০ শতাংশের। মালিকানা দাবি করে আজিজ সরদার নামের এক ব্যক্তি ২০১২ সালে পুকুরটির প্রায় ২০ শতাংশ ভরাট করেন। ভরাট অংশে একটি টিনের ঘর রয়েছে। এ ছাড়া সীমানায় টিনের বেড়া দেওয়া হয়েছে।
বরিশাল নদী-খাল-জলাশয় রক্ষা আন্দোলনের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন বলেন, নগরে সরকারি অর্ধশতাধিক পুকুর ছিল। বর্তমানে পুলিশ ক্লাব পুকুর, বিবির পুকুর, রাখাল বাবুর পুকুর, জেলা পরিষদ পুকুর, থানা পুকুর, পুলিশ লাইন পুকুর, শিশুপার্ক পুকুর, বিআইডব্লিউটিএ পুকুর অবশিষ্ট আছে। নানা অজুহাতে এ পুকুরগুলোও দখল ও ভরাট হয়ে যাচ্ছে। এর অংশ হিসেবেই পুলিশ ক্লাব পুকুরে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। এমনটি চলতে থাকলে পুকুরটিও আস্তে আস্তে ভরাট হয়ে যাবে।
মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, আক্কাস হোসেন ও এনায়েত হোসেন চৌধুরী এবং সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবালও কাজী এনায়েত হোসেনের মতো আশঙ্কা প্রকাশ করেন।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘বরিশালের পুলিশ ক্লাব পুকুর নিয়ে উচ্চ আদালতে মামলা করেছি। সেখানে আদালতের নিষেধাজ্ঞা আছে। এ কারণে পুকুরের কোনো অংশে কেউ কোনো ধরনের নির্মাণকাজ করতে পারবে না। স্থাপনা নির্মাণ হলে আমরা আবার আদালতে যাব।’
সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব বলেন, পুলিশের জায়গা হলেও সেখানে স্টল বা দোকান নির্মাণ করতে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে। পুলিশ ক্লাবের পুকুরের ভেতর স্টল নির্মাণ করার জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। নির্বাহী হাকিমকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান বলেন, ‘পুলিশ ক্লাবের সামনের পুকুরের দক্ষিণাংশে সিটি করপোরেশন ময়লা ফেলে ভাগাড়ে পরিণত করে। পুলিশের কল্যাণের জন্য আমরা সেখানে অস্থায়ী ভিত্তিতে কয়েকটি স্টল নির্মাণ করছি। পুকুরের এ অংশ নিয়ে আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই। পাশের যে অংশ ভরাট হয়েছে, তা নিয়ে উচ্চ আদালতে রিট হয়েছিল।’
পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, পরিবেশ আইন অনুযায়ী পুকুর-জলাশয়ের কোনো ধরনের আকার পরিবর্তন হয় কিংবা ক্ষতি হয় এমন কাজ করা যাবে না। সরকারি কিংবা ব্যক্তিগত জলাশয়, পুকুর হলেও না। ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।