পুকুর ভরাট করায় পানিতে সয়লাব বিদ্যালয়ের মাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বালাশুর গ্রামের একটি পুকুর ভরাট করা হচ্ছে। ড্রেজার দিয়ে পুকুরটি ভরাট করতে গিয়ে পাশের একটি বিদ্যালয়ের মাঠ পানিতে ডুবে গেছে। এতে ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম।
গতকাল রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলার বালাশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই পুকুরটি অবস্থিত। ইতিমধ্যে অনেকাংশে ভরাট হয়ে গেছে এটি। পাশের পদ্মা নদী থেকে লাইন টেনে ড্রেজার দিয়ে ভরাটের কারণে পানিতে সয়লাব চারদিক। ডুবে আছে বিদ্যালয়ের মাঠ। পানির কারণে শিক্ষক ও শিক্ষার্থীরা ইট বিছিয়ে এক ভবন থেকে আরেক ভবনে যাচ্ছে ক্লাস করতে। কেউ কেউ করছে পানি নিয়ে খেলা।
স্থানীয় লোকজন জানান, এক সপ্তাহ আগে পুকুরটি ভরাট শুরু হয়। একপর্যায়ে পুকুরটি একাংশ ভরাট হয়ে গেলে পানি উপচে বিদ্যালয়ের মাঠে ঢুকে পড়ে। পাঁচ দিন ধরে মাঠটি জলাবদ্ধ। বিদ্যালয়ের অনেক শিশু ঠান্ডা পানি নিয়ে খেলা করতে অসুস্থ হয়ে পড়ছে। এ কারণে অনেক অভিভাবক তাঁদের ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠানো বন্ধও করে দিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম জানান, জলাবদ্ধতার কারণে ছেলেমেয়েদের পাঠদান ব্যাহত হচ্ছে। বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে জানানো হয়েছে। মুঠোফোন বন্ধ পাওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহিদুল্লাহ রিপনের সঙ্গে কথা বলা যায়নি।
অভিযোগ, এলাকার প্রভাবশালী সামশুল আলম ও মো. অপু প্রশাসনের বা পরিবেশ অধিদপ্তরকে কিছু না জানিয়ে পুকুরটি ভরাট করছেন। এ বিষয়ে সামছুল আলম বলেন, ‘পুকুর ভরাট করার বিষয়ে যে অনুমতি নিতে হয় সেটা আমার জানা ছিল না।’ তিনি দাবি করেন, বিদ্যালয়ের জমিতে গর্ত আছে। সেটিও ভরাট হয়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির লাভই হয়েছে। জলাবদ্ধতার বিষয়টি শিগগিরই নিরসন করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানারা বেগম বলেন, পুকুর ভরাট করার বিষয়ে কোনো অনুমতি নেওয়া হয়নি। পুকুর ভরাট কার্যক্রম বন্ধ রাখা ও জলাবদ্ধতা নিরসনের জন্য ভরাটকারীদের নির্দেশ দেওয়া হয়েছে।
জলাধার সংরক্ষণ ২০১০ আইন অনুযায়ী কোনো পুকুরের শ্রেণি পরিবর্তন করা যাবে না।