পুকুর ভরাট করে আবাসিক প্রকল্প!

রাজশাহীতে দুটি পুকুর ভরাট করে আবাসিক প্রকল্প গড়ে তোলা হচ্ছে। বর্তমানে ভরাটের কাজ চলছে নগরের চৌদ্দপাই এলাকার ওই পুকুর দুটিতে। এ ব্যাপারে স্থানীয় লোকজন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করলেও ভরাটকাজ বন্ধে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
আবাসিক প্রকল্পের মালিকপক্ষ বলছে, তাদের কাছে থাকা কাগজপত্রে এটা ‘ধানি’ জমি বলে উল্লেখ রয়েছে। তাই তারা এখানে ভরাট করে আবাসিক প্রকল্প করছে।
পরিবেশ অধিদপ্তরের রাজশাহীর ভারপ্রাপ্ত উপপরিচালক মিজানুর রহমান বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন ২০১০-এর ২-এর (ক) এবং ৬(ঙ) ধারা অনুযায়ী, অপরিহার্য জাতীয় স্বার্থে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাট বা অন্য কোনোভাবে শ্রেণি পরিবর্তন করা যাবে না। পুকুর ভরাটের কাজ আইনত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, গুগল মানচিত্রেও এই দুই পুকুরের অস্তিত্ব রয়েছে। তা ছাড়া মালিকপক্ষ এই পুকুরের শ্রেণি পরিবর্তনের জন্য কোনো ছাড়পত্রও নেয়নি।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সূত্রে জানা যায়, ৯ ডিসেম্বর চৌদ্দপাই এলাকার তিন ব্যক্তি আরডিএর চেয়ারম্যানের কাছে একটি লিখিত অভিযোগ করেন। এতে বলা হয়, বিনোদপুর ফায়ার সার্ভিসের উত্তর-পূর্ব পাশে বস্তির উত্তরে জেবর মিয়ার দুটি পুকুর কিনে নিয়ে একটি প্রভাবশালী মহল বালু দিয়ে ভরাট করছে। তারা সিটি করপোরেশন ও আরডিএর নিয়ম মানছে না। ক্ষমতার দাপট দেখিয়ে অর্থের বিনিময়ে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করছে।

গত শনিবার চৌদ্দপাই এলাকায় গিয়ে দেখা যায়, পুকুরের ভরাটকাজ চলছে। এর পাশেই আবাসিক প্রকল্পের একটি সাইনবোর্ড টাঙানো। প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘স্বপ্নধরা আবাসিক সমিতি’। সাইনবোর্ডে ১৬ জন মালিকের নাম ও তাঁদের জমির দাগ নম্বরও উল্লেখ রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পুকুরের পানি নিষ্কাশনের জন্য একটি সেচযন্ত্র বসানো হয়েছে। পানি কমে যতটুকু জায়গা বের হচ্ছে, তাতেই অনবরত ট্রাক থেকে মাটি ফেলা হচ্ছে। ড্রেজার মেশিন দিয়ে ফেলে যাওয়া মাটি সরিয়ে দেওয়া হচ্ছে। পাশেই চেয়ার নিয়ে আবাসিক প্রকল্পের তত্ত্বাবধায়ক বসে রয়েছেন। কথা বলতে চাইলে তিনি কিছু বলতে রাজি হননি। পরিচয়ও দেননি।
তবে পুকুর ভরাটের কাজ দেখতে এসেছিলেন ১৬ জন মালিকের অন্যতম হাবিল উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, কাগজপত্রে এই জমির শ্রেণি রয়েছে ‘ধানি’। ইটভাটার জন্য এই জমি থেকে মাটি ওঠানো হয়েছিল। সে জন্য ডোবার সৃষ্টি হয়েছে। তাঁরা ভরাট করে এখানে ফ্ল্যাট করবেন।
আরডিএর নগর পরিকল্পক (ভারপ্রাপ্ত) আজমেরী আশরাফী তিন ব্যক্তির অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে নিকটস্থ থানা, পরিবেশ অধিদপ্তর ও সিটি করপোরেশনে নোটিশ পাঠানো হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনের মুঠোফোনে ফোন করা হলে ফোন ধরেন উপপরিদর্শক (এসআই) আবদুল মোমেন সরকার। তিনি বলেন, তাঁরা এ ধরনের নোটিশের খবর শোনেননি। এখন শুনলেন। তিনি আজই (শনিবার) ঘটনাস্থলে যাবেন।
পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মিজানুর রহমান বলেন, একজন সাংবাদিকের কাছ থেকে তিনি বিষয়টি শুনেছেন। যাঁরা পুকুর ভরাট করছেন, তিনি তাঁদের কাছে নোটিশ পাঠাবেন।