পুকুরে ছাত্রীর লাশ, পরিবারের অভিযোগ হত্যা
লালমনিরহাট শহরের রেলওয়ে চিলড্রেন পার্ক উচ্চবিদ্যালয়–সংলগ্ন একটি পুকুর থেকে আজ রোববার সকালে শামীমা আক্তার ইতি (২২) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার বলছে, শামীমাকে হত্যা করা হয়েছে।
শামীমার বাড়ি ওই পুকুরসংলগ্ন এলাকায়। তিনি রংপুর কারমাইকেল কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। চলতি বছরের ২ মে লালমনিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ডাইলপট্টি এলাকার হাসান ইসলাম ওরফে সুজনের সঙ্গে তাঁর বিয়ে হয়। আগামী ঈদুল আজহার পর তাঁকে অনুষ্ঠান করে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল।
শামীমার পরিবার জানায়, আজ ভোরের দিকে শামীমা বাইরে হাঁটার জন্য বাড়ি থেকে বের হন। কিন্তু আর ফিরে আসেননি। অনেকক্ষণ হয়ে গেলেও ফিরে না আসায় পরিবারের লোকজন আশপাশে তাঁর খোঁজ করতে থাকেন। পরে পুকুরে তাঁর লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে পুলিশ আত্মীয়স্বজনের কাছে লাশ হস্তান্তর করে।
শামীমার মা রেণু বেগম বলেন, শামীমার স্বামী হাসান ইসলাম ঢাকায় থাকেন। তিনি আগের স্ত্রী-সন্তানের কথা গোপন করে শামীমাকে বিয়ে করেছেন। বিয়ের পর বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে হাসান ও শামীমার মধ্যে মুঠোফোনে ঝগড়া হতো। এসব কিছুর জেরে শামীমাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আমরা মামলা করব।
কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও হাসান ইসলাম ফোন ধরেননি। পরে তিনি এ প্রতিবেদকের মুঠোফোনে যোগাযোগ করেন। পরিচয় দিয়ে শামীমার সর্বশেষ অবস্থা জানেন কি না, প্রশ্ন করলে তিনি ফোন কেটে দেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। আপাতত এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।