পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ মির্জানগর এলাকায় জয়নাল আবেদীনের পুকুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রায়পুরা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জয়নাল।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দক্ষিণ মির্জানগর এলাকার জয়নাল আবেদীন বাড়ির পাশের তিন বিঘা জমির ওপর দুটি পুকুরে শিং ও কই মাছ চাষ করেন। এর মধ্যে শিং মাছ ২ টন ও কই মাছ ১৮ টন। সম্প্রতি মাছগুলো বিক্রির প্রস্তুতি নেওয়া হয়। এর মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা পুকুরে বিষ ঢেলে দেয়। এতে বুধবার সকাল থেকে সব মাছ মরে ভেসে উঠতে থাকে। এরপর থেকে মরা মাছের দুর্গন্ধ এলাকায় ছড়িয়ে পড়ে।

জয়নাল আবেদীন বলেন, ‘পারিবারিক শত্রুতার জের ধরে কেউ এ ঘটনাটি ঘটিয়েছে। দুই পুকুরের ২০ টন মাছের বর্তমান বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা। আর পুকুর ভরা পানি হওয়ায় সব পরিষ্কার করা যাচ্ছে না। তবে আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব পরিষ্কার করতে।’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ঈদের ছুটির কারণে তদন্ত শুরু করা সম্ভব হয়নি। তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।