পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দুর্বৃত্তরা তিনটি পুকুরে বিষ প্রয়োগে করেছে। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার মাছ মারা গেছে। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কর্ণঘোষ গ্রামের শতাধিক সুফলভোগী সমবায় সমিতি তিনটি পুকুরে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে। মাছগুলো কিছুদিন পরেই তারা বিক্রি করত। গতকাল ভোররাতে কে বা কারা পুকুরগুলোতে বিষ প্রয়োগ করে। সকালে সব মাছ মরে ভেসে ওঠে।
সমিতির সদস্য হযরত আলী ও আবদুল হাই জানান, ‘এত বড় সর্বনাশ কে করল আল্লাহই জানেন। জীবনের মতো আমরা পথে বসে গেলাম।’
সমিতির সভাপতি সাইফুল ইসলাম বলেন, শতাধিক দরিদ্র সদস্য মাছ চাষের সঙ্গে জড়িত। এক সপ্তাহ পর মাছগুলো বিক্রি করলে সব টাকা উঠে আসত। শত্রুতাবশত কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করেন তিনি। এ পর্যন্ত তাঁদের হিসাব অনুযায়ী দুর্বৃত্তরা ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে।
তাড়াশ থানার ওসি আতাউর রহমান বলেন, মাছ নিধনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।