প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের রাণিয়ারা গ্রামে গত শুক্রবার রাতে দুষ্কৃতকারীরা বিষ দিয়ে একটি পুকুরের মাছ নিধন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাণিয়ারা গ্রামের কাদির মিয়ার ছেলে লিল মিয়া গ্রামের একটি পুকুর ইজারা নিয়ে রুই, কাতল, মৃগেল, তেলাপিয়াসহ বিভিন্ন মাছের চাষ করেছেন। তিনি আট মাস আগে পুকুরে মাছ ছাড়েন। মাছগুলো বিক্রির উপযুক্ত হয়েছিল। শুক্রবার রাতের কোনো এক সময় দুষ্কৃতকারীরা পুকুরে বিষ ঢেলে দেয়। এরপর থেকে ধীরে ধীরে মাছ মরে ভেসে ওঠে। গতকাল শনিবার সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে লিল মিয়া পুকুরে যান। তিনি বলেন, বিষ ঢেলে দেওয়ার কারণে বেশির ভাগ মাছ পচে গেছে। কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ফোন করে বিষয়টি জানিয়েছেন।