পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাতে পূর্ববিরোধের জের ধরে একটি পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে।
খাঁটিহাতা গ্রামের বাসিন্দা মো. আরজু মিয়া (৩৫) ওই পুকুরটির ইজারাদার। এ ব্যাপারে মো. আরজু মিয়া গত শুক্রবার ছয়জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ, গ্রামবাসী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আরজু মিয়ার সঙ্গে প্রতিবেশী আলাউদ্দিনের (৪০) নানা বিষয় নিয়ে কয়েক বছর ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আলাউদ্দিন ও তাঁর লোকজন বৃহস্পতিবার দিবাগত রাতে আরজু মিয়ার পুকুরে বিষ ঢেলে দেন। এতে তাঁর পুকুরের তিন লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে।
আরজু মিয়ার দায়ের করা মামলার আসামিরা হলেন আলাউদ্দিন, রাশেদ আলী, আরশাদ আলী, আমজাদ আলী, মো. আবদুল্লাহ ও শাহাদাত আলী। আরজু মিয়া বলেন, এর আগে গত জুলাই মাসে আলাউদ্দিন ও তাঁর লোকজন ওই পুকুরে বিষ দিয়ে দুই লাখ টাকার মাছ নিধন করেছেন। বিষয়টি গ্রাম্য সালিসি বৈঠকের মাধ্যমে নিষ্পত্তি হয়েছিল।
এ বিষয়ে কথা বলতে আলাউদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন দিেওয় তা না ধরায় কথা বলা সম্ভব হয়নি।