পুকুরে মিলল দুই লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে পৃথক ঘটনায় দুজনের লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া বেয়ারা এলাকার একটি পুকুর থেকে মো. ঈশা (৪২) নামের এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া একই থানার কুমলির চক সেতুর কাছের একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

মো. ঈশার ছোট ভাই আলাল মিয়া বলেন, গত শুক্রবার সন্ধ্যায় তাঁর ভাই বাসা থেকে বের হন। এরপর তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল সকাল ১০টার দিকে লোকজনের কাছে শুনতে পান, তাঁর ভাইয়ের লাশ পুকুরে ভাসছে। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ তাঁর ভাইয়ের গলিত লাশ উদ্ধার করে। তিনি বলেন, কারা কী কারণে তাঁর ভাইকে হত্যা করেছে, সে সম্পর্কে তাঁরা কিছু বুঝতে পারছেন না।

এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, কুমলির চক সেতুর কাছ থেকে উদ্ধার করা লাশের পরনে ছিল জিনসের প্যান্ট। তাঁর হাতা-পা টি-শার্ট দিয়ে বাঁধা ছিল। লাশ পচে ফুলে গেছে। এ কারণে শরীরে আঘাতের চিহ্ন আছে কি না, বোঝা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তিনি বলেন, লাশ দুটি উদ্ধারের ঘটনায় থানায় পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।