পুকুরে শিশুর লাশ, পরিবারের দাবি হত্যা
ফরিদপুরের ভাঙ্গায় পুকুরে মিলল এক শিশুর লাশ। শিশুটিকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে বলে পরিবারের দাবি। আজ শুক্রবার বেলা একটার দিকে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই শিশুকে আটক করা হয়েছে।
নিহত শিশু আবির মুন্সি (৭) কাপুড়িয়া সদরদী মহল্লার কৃষক মিরন মুন্সির একমাত্র সন্তান। সে রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের পুকুরে আবিরসহ চার শিশু গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে আবির পানিতে ডুবে যায়। তখন অপর তিন শিশু আবিরকে পুকুর থেকে পাড়ে টেনে তোলে। পরে এলাকাবাসীর সহায়তায় আবিরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তবে আবিরের বাবা মিরন মুন্সি অভিযোগ করেন, তাঁর ছেলে সাঁতার জানে। সে কুমার নদ সাঁতরে পার হয়। সে পুকুরের ওই অল্প পানিতে ডুবে মারা যেতে পারে না। তাকে চুবিয়ে মারা হয়েছে।
ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, শিশুটির মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই সময় পুকুরে গোসল করছিল, এমন দুই শিশুকে থানায় নিয়ে আসা হয়েছে।