পুকুরে শিশুর লাশ মা গ্রেপ্তার
গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক তেলিরচালা এলাকায় গত সোমবার রাতে পুকুর থেকে চার মাস বয়সী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুর বাবার করা মামলায় শিশুর মাকে গ্রেপ্তার করা হয়েছে।
এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সাইফুল ইসলাম পাঁচ-ছয় বছর আগে মা-বাবার সঙ্গে তেলিরচালা এলাকায় আসেন। পরে এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন তাঁরা। সে সময় স্থানীয় একটি কারখানায় চাকরি নেন সাইফুল। কারখানায় সিরাজগঞ্জের চৌহালী থানার মর্জিনা বেগমের সঙ্গে সাইফুলের সম্পর্ক হয়। পরে তাঁরা বিয়ে করেন। সাড়ে চার মাস আগে মর্জিনার কন্যাশিশু হয়। শিশুর নাম রাখা হয় সামিয়া আক্তার। পরে সাইফুল জানতে পারেন আগেও মর্জিনার বিয়ে হয়েছিল। এদিকে সামিয়া মর্জিনার আগের স্বামীর সন্তান বলে এলাকায় বলাবলি শুরু হয়। সোমবার রাত আটটার দিকে মর্জিনা কাজ শেষে বাসায় ফিরে শাশুড়ির কাছ থেকে সামিয়াকে নিয়ে ঘরে যান। রাত সাড়ে নয়টার দিকে সাইফুল বাসায় ফিরে মর্জিনাকে মেয়ের কথা জিজ্ঞেস করেন। এ সময় মর্জিনা কিছু বলেননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে মর্জিনা বলেন, মেয়েকে পুকুরে ফেলে দিয়েছেন।