পুটখালী সীমান্তে এক কেজি সোনা উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল বন্দর থানার পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১ কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গতকাল সোমবার পুটখালী বটতলা এলাকা থেকে এই সোনা উদ্ধার করে। এ ঘটনায় মহাসিন কবির (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মহাসিন শার্শা উপজেলার কালিয়ানী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারিকুল হাকিম বলেন, গতকাল সকাল ১০টার দিকে মহাসিন একটি বাইসাইকেলে করে পুটখালী সীমান্ত দিয়ে ভারতের দিকে যাচ্ছিলেন। গ্রামের মধ্য দিয়ে সাইকেল চালিয়ে তিনি বেনাপোল-পুটখালী সড়কে ওঠেন। পুটখালী বটতলা এলাকায় বিজিবি চৌকির কাছে পৌঁছালে তাঁকে আটক করা হয়। বাইসাইকেলে থাকা ছোট টিনের বাক্স থেকে স্কচটেপ মোড়ানো আটটি সোনার বার উদ্ধার করা হয়।