পুটখালী সীমান্তে সাড়ে ২৯ হাজার ডলার উদ্ধার
যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্ত এলাকা থেকে গতকাল শুক্রবার ২৯ হাজার ৯০০ ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
বিজিবি সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে এক ব্যক্তি সাইকেলে করে ভারতের আঙরাইল সীমান্ত দিয়ে বাংলাদেশের পুটখালী এলাকায় প্রবেশ করেন। এরপর তিনি পুটখালী-বেনাপোল সড়ক দিয়ে বেনাপোল স্থলবন্দরের দিকে রওনা হয়। ওই বাইসাইকেলের চালক চারা বটতলা এলাকায় পৌঁছালে টহলরত বিজিবি সদস্যরা তাঁকে ধাওয়া করেন। তিনি বাইসাইকেল থেকে নেমে বিলের মধ্য দিয়ে পালিয়ে যান। এ সময় তাঁর কাছ থেকে ডলারের নোট ছড়িয়ে পড়ে। পরে সেখান থেকে ১০০ মার্কিন ডলারের ২৯৯টি নোট উদ্ধার করেন বিজিবি সদস্যরা। বিকেলে বেনাপোল বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পর ওই ডলার জমা দেওয়া হয়েছে।
বিজিবি খুলনা ২১ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার হরেকৃষ্ণ রায় বলেন, নোটগুলো বাইসাইকেল চালকের ঊরুতে বাধা ছিল। পুটখালী-বেনাপোল সড়কের চারা বটতলা এলাকায় বিজিবি সদস্যদের ধাওয়ায় তিনি সাইকেল ফেলে বিলের মধ্য দিয়ে পালিয়ে যান। এ সময় তিনি ডলারগুলো ছড়িয়ে দিয়ে যান। কুড়িয়ে পাওয়া মোট ডলারের পরিমাণ ২৯ হাজার ৯০০। পরীক্ষা করে দেখা হয়েছে, এগুলো আসল নোট। বিকেলে ওই ডলার থানায় জমা দেওয়া হয়েছে।