পুঠিয়ায় পুলিশ কর্মকর্তার গাড়িতে ককটেল নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ায় আজ রোববার রাতে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে অবরোধকারীরা। পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, আজ রাত আটটার দিকে অবরোধকারীরা পুঠিয়া উপজেলার শিবপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কের যান চলাচল বন্ধ করতে কাঠে কাঁটা লাগিয়ে সড়কে রাখে। খবর পেয়ে পুঠিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি ) আবু সায়েম প্রধানের নেতৃত্বে পুলিশের একটি গাড়ি সেখানে পৌঁছালে অবরোধকারীরা ওই গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি গাড়ির সামনে বিস্ফোরিত হয়। পরে পুলিশ অবরোধকারীদের লক্ষ্য করে কয়েকটি রাবার বুলেট ছুড়লে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে পুলিশি পাহারায় প্রায় ৪০টি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক পুঠিয়া উপজেলার সীমানা পার করে দেওয়া হয়েছে।