পুঠিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির নেতা নিহত
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে গতকাল সোমবার পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে বিএনপির একজন নেতা নিহত হয়েছেন। এ সময় সাংবাদিক, পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন।
নিহত ব্যক্তির নাম মজির উদ্দিন (৪৫)। তাঁর বাড়ি চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে। তিনি মাড়িয়া ওয়ার্ড বিএনপির সহসভাপতি ছিলেন।
এ ঘটনার প্রতিবাদে রাজশাহী জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি।
রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাজ মুলতান জানান, তাঁরা রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মনির, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদের নেতৃত্বে বেলা সোয়া তিনটার দিকে বানেশ্বর বাজার থেকে একটি মিছিল বের করেন। এ সময় বানেশ্বর ট্রাফিক মোড়ের দিক থেকে পুলিশ আসে। পুলিশের পেছনে পেছনে আওয়ামী লীগের লোকজনও আসে। টুটুলের অভিযোগ, পুলিশ এসে তাঁদের ওপর গুলি চালায়। তখন তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশকে মোকাবিলা করার চেষ্টা করেন। তিনি বলেন, থেমে থেমে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষ চলে।
রাজশাহীর পুলিশ সুপার আলমগীর কবির বলেন, পেট্রলবোমা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির লোকজন পুলিশের ওপরে হামলা চালায়। তখন পুলিশ গুলি ছুড়তে বাধ্য হয়। সংঘর্ষের সময় এক ব্যক্তি নিহত হওয়ার কথা তিনি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে রাজশাহী-নাটোর সড়কের বানেশ্বর বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মজির উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। বিএনপির কর্মীরা মজির উদ্দিনের লাশ নিয়ে যাওয়ার সময় ছবি তুলতে গেলে একটি জাতীয় দৈনিকের আলোকচিত্রী আজাহার উদ্দিনের ওপর হামলা চালানো হয়। এতে তিনি মাথায় আঘাত পান। সংঘর্ষের সময় বিএনপির কর্মীরা প্রায় অর্ধশতাধিক ককটেল ফাটান। পুলিশও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ও গুলি চালায়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন।
বিএনপির দাবি, আহত ব্যক্তিদের মধ্যে নয়জন গুলিবিদ্ধ হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত দুজন ভর্তি হয়েছেন। তাঁরা হচ্ছেন তুহিন আলী (১৮) ও মমিন উদ্দিন (১৯)।
সংঘর্ষের কারণে রাজশাহী-নাটোর মহাসড়কে তিন ঘণ্টারও বেশি সময় ধরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান গতকাল রাত আটটার দিকে প্রথম আলোকে জানান, মজিরের লাশ তাঁর বাড়ি থেকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে। সেখানে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে নেওয়া হবে। সংঘর্ষের সময় বিএনপির কর্মীদের হামলায় ১৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।