পুঠিয়ায় আমের দাম নিয়ে ডাকা সমাবেশে ১৪৪ ধারা
আমের দাম কম দেওয়া নিয়ে দুই গ্রামের বাসিন্দারা একই স্থানে প্রতিবাদ সমাবেশ ডাকায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত বানেশ্বর বাজার এলাকায় সব ধরনের সভা, সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ফরহাদ আহমেদ প্রথম আলোকে বলেন, পুঠিয়া উপজেলার নামাজগ্রাম ও পার্শ্ববর্তী চারঘাট উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দারা আজ বিকেল চারটার দিকে প্রতিবাদ সমাবেশ ডাকে। ১৪ জুলাই রাত নয়টার দিকে আমের দাম কম দেওয়াকে কেন্দ্র করে বানেশ্বর বাজারে নামাজগ্রাম ও শিবপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ নিয়ে মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটে। এর প্রতিবাদে দুই গ্রামের বাসিন্দারা একই স্থানে সমাবেশ ডাকে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বজলুর রশিদ জানান, একই স্থানে পাল্টাপাল্টি প্রতিবাদ সমাবেশ ডাকাকে কেন্দ্র করে সকাল থেকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন বানেশ্বর বাজার ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ ও মিছিলের ওপর ১৪৪ ধারা জারি করে। বানেশ্বর বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।