পুঠিয়ায় গৃহবধূ শিবগঞ্জে কৃষক খুন
রাজশাহীর পুঠিয়ায় এক গৃহবধূকে গলা কেটে ও বগুড়ার শিবগঞ্জে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত গৃহবধূর নাম শাহনাজ বেগম (৩৫)। আর কৃষকের নাম বেলাল হোসেন (৪৮)।
পুঠিয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূর স্বামীর নাম আবুল হোসেন। তিনি একজন চাল ব্যবসায়ী। আবুল হোসেনের দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন শাহনাজ।
নিহত নারী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার মাইপাড়া বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরে আবুল হোসেন স্ত্রীর গলাকাটা লাশ দেখে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় ঘরের দরজা ও সিন্দুক খোলা ছিল। গলাকাটা ছাড়াও গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পরে স্থানীয় লোকজন এসে আবুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এদিকে শিবগঞ্জের জামুরহাট গ্রামে গতকাল রোববার সকালে কৃষক বেলালকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
গ্রামের কায়েকজন বাসিন্দা বলেন, জমি নিয়ে গ্রামের আজাহার আলীর সঙ্গে বেলাল হোসেনের বিরোধ ছিল। বেলাল গতকাল ওই বিবাদপূর্ণ জমিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁকে মারধর করে। পরে বেলালকে উদ্ধার করে হাসাপাতালে নিলে স্থানীয় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।