পুঠিয়ায় প্রসূতির মৃত্যু, লাশ ফেলে চিকিৎসকের পলায়ন
রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের সময় প্রসূতির মৃত্যুর পর চিকিৎসক ও কর্মচারীরা লাশ ফেলে পালিয়ে গেছেন। গত বুধবার সন্ধ্যায় পুলিশ লাশটি উদ্ধার করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাতেই হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়।
মারা যাওয়া প্রসূতির নাম শম্পা বেগম (৩৫)। তিনি ধোপাপাড়া গ্রামের আলম সরদারের স্ত্রী। তাঁর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। এতে হাসপাতালের মালিক ও চিকিৎসকসহ সাতজনকে আসামি করা হয়েছে। এতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আলম সরদার প্রথম আলোকে বলেন, প্রসববেদনা উঠলে বুধবার দুপুর ১২টার দিকে তিনি স্ত্রী শম্পাকে উপজেলা সদরের আল মাহাদী ইসলামি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। শম্পার স্বাভাবিকভাবে প্রসব হবে না বলে চিকিৎসকেরা তাঁকে জানান। এ জন্য অস্ত্রোপচারের কথা বলা হয়। বিকেল পাঁচটার দিকে অস্ত্রোপচারের জন্য শম্পাকে একটি কক্ষের ভেতর ঢোকানো হয়। একপর্যায়ে ভেতর থেকে বলা হয়, রোগীর রক্ত লাগবে। তিনি রক্ত আনতে যান। আসার পরে তাঁকে বলা হয়, রোগীর অবস্থা খারাপ, মাইক্রোবাস আনতে হবে। মাইক্রোবাস আনার পর হাসপাতালটির মালিক মুনসুর রহমান বলেন, লাশ আর রাজশাহীতে পাঠিয়ে কী হবে। ধৈর্য ধরে বাড়িতে নিয়ে যান। ওই কথা শোনার পর তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। স্বজনেরা তাঁকে বাড়িতে নিয়ে যান। সংজ্ঞা ফেরার পর স্বাভাবিক হলে রাত আটটার দিকে পুলিশ তাঁকে থানায় নিয়ে আসেন। সেখানে তিনি স্ত্রীর লাশ পড়ে থাকতে দেখেন।
স্থানীয় কয়েকজন বলেন, হাসপাতালটিতে হাতুড়ে চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার করা হয়।
এসব ব্যাপারে কথা বলার জন্য হাসপাতালটির মালিক মুনসুর রহমানের মুঠোফোনে গতকাল কয়েকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা নাহার বলেন, বিকেল ছয়টার দিকে তিনি খবর পান, ওই হাসপাতালে অস্ত্রোপচারের সময় রোগী মারা গেছেন। তিনি ওসি সায়েদুর রহমানসহ গিয়ে দেখেন, হাসপাতালে মালিক-চিকিৎসক-কর্মচারী কেউ নেই। অস্ত্রোপচার কক্ষে লাশ পড়ে রয়েছে। চিকিৎসাধীন আরও কয়েকজন রোগী রয়েছেন। তিনি রোগীদের অন্য ক্লিনিকে পাঠানোর ব্যবস্থা করেন। হাসপাতালটিতে একজন নার্সকে পাওয়া যায়। ওই নার্স জানিয়েছেন, তিনি অস্ত্রোপচারকারী ওই চিকিৎসককে এর আগে কোনো দিন দেখেননি।
ওসি সায়েদুর বলেন, এ ঘটনায় বুধবার রাতেই হত্যা মামলা হয়েছে। ওই সেবিকাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।