পুঠিয়ায় মাছচাষি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া উপজেলায় আমজাদ হোসেন নামের এক মাছচাষি খুন হয়েছেন। গত বুধবার রাতে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
আমজাদ হোসেনের (৩৫) বাড়ি উপজেলার সাধনপুর লেপপাড়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, আমজাদ রাতে পুকুর দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এর কিছুক্ষণ পর স্থানীয় লোকজন এলাকার একটি রাস্তার পাশে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আমজাদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশটি হাসপাতাল থেকে থানায় নিয়ে যায়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য লাশটি গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবদুর রাজ্জাক গণমাধ্যমকর্মীদের বলেন, আমজাদের বুকে, পেটে ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
সন্ধ্যা ছয়টার দিকে মুঠোফোনে জানতে চাইলে পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।