পুঠিয়ায় সাঁওতালপল্লি জবরদখলের চেষ্টা!
বাড়ির পুরোনো টিনের চালায় মরিচা ধরেছে। আঙিনায় বয়সী তেঁতুলগাছ। পাশেই পুরোনো পুকুর। গভীর নলকূপের পানি দিয়ে চলছে বোরোর আবাদ। এটি রাজশাহীর পুঠিয়া উপজেলার সাঁওতালপল্লি। আবদুস সামাদ ওরফে মুসা নামের এক ব্যক্তি এ পল্লির দেড় শতাধিক বিঘা জমির মালিকানা দাবি করছেন। তাঁর পক্ষে ১ মার্চ একদল লোক খুঁটি পুঁতে পল্লিটি দখলে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে।
আবদুস সামাদ উপজেলা সদরে একটি ভাড়া বাসায় থাকেন। তাঁর দাবি, সাঁওতালপল্লির লোকেরা ১৯৬৪ সালে এক বিনিময় দলিলের মাধ্যমে তাঁর মা সোহাগী বিবি ও বাবা হাজী আব্বাস মালিথাকে ওই জমি দিয়ে ভারত চলে যায়। এ তাঁর পৈতৃক সম্পত্তি। এ-সংক্রান্ত সব কাগজপত্র আছে। তিনি খাজনাও পরিশোধ করেছেন। তবে সাঁওতালদের দাবি, ওই বিনিময় দলিল পরে বাতিল করা হয়েছিল।
গতকাল শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সৌভিক রেজা, ইতিহাস বিভাগের শিক্ষক সারোয়ার জাহান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী মামুন হায়দার, ফোকলোর বিভাগের শিক্ষক আমিরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাঁওতাল শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরের সাঁওতালপল্লিতে যান। তাঁরা পল্লিটি ঘুরে দেখেন ও বািসন্দাদের সঙ্গে কথা বলেন।
এ পল্লিতে ১২টি পরিবারের বসবাস। পল্লিপ্রধান নরেশ মার্ডি (৬২) বলেন, ১৯৬৪ সালে এক বিনিময় দলিলের মাধ্যমে আবদুস সামাদের মা ও বাবার নামে ১৫২ বিঘা জমি লিখে দিয়ে সাঁওতালপল্লির লোকজন ভারতে চলে গিয়েছিল। এ ঘটনা সত্য। কিন্তু পরে মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতাবিরোধী ভূমিকা ও খুনখারাবির কারণে সামাদ পরিবার বাংলাদেশ ছেড়ে ভারতে যায়। সেখানে গিয়ে তারা আর বাংলাদেশে থাকতে পারছে না উল্লেখ করে বিনিময় দলিল বাতিলের প্রস্তাব দেয়। এতে সাঁওতালরা রাজি হয়। প্রস্তাব অনুযায়ী, ভারতের বহরমপুর আদালত ১৯৭২ সালের ২৩ মার্চ বিনিময় দলিল বাতিল করেন। এরপর সাঁওতালপল্লির লোকজন আবার পৈতৃক ভিটায় ফিরে আসে। আর আবদুস সামাদের গোষ্ঠীর সবাই ভারত চলে যায়। কিন্তু এরশাদের শাসনামলে দেশে এসে বিনিময় দলিল বাতিলের বিষয়টি গোপন করে সামাদ এই জমি বিক্রির চেষ্টা করেন। সাঁওতালদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি শুরু করেন।
নরেশ মার্ডি বলেন, একপর্যায়ে ভুলবশত এই জমি সরকারের ‘খ’ তফসিলভুক্ত হয়। এর বিরুদ্ধে সাঁওতালদের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়। এখন এ জমির খাজনা দেওয়ার বিষয়টি জেলা প্রশাসকের কার্যালয়ে সিদ্ধান্তের অপেক্ষায় আছে।
মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফিরছিলেন এই পল্লির বাসিন্দা মুনমুনি মার্ডি (৭০)। তিনি বলেন, ‘সামাদ ভারতে গিয়ে বলল, আমরা ওখানে আর থাকতে পারছি না। তোমরা তোমাদের জায়গায় চলে যাও। তখন আমরা চলে আসি। এরশাদের আমলে মুসা সেনাবাহিনীর লোক নিয়ে এসে আমাকে এত মেরেছিল যে আমার ডান চোখ অন্ধ হয়ে যায়। আর ডান হাতটা এখনো ঠিকমতো নড়াতে পারি না। এখন আবার আমাদের জমি জবরদখল করতে আসছে। আমরাও রুখে দাঁড়াব। একমুঠো মাটিও ছেড়ে দেব না। আমাদের আর যাওয়ার জায়গা নেই।’ বাড়ির উঠানে চুলায় রান্না করছিলেন পঞ্চবতি টুডু (৫০)। তিনি বলেন, ‘এখন খুঁটি পুঁতে আমাদের জমির দখল নিতে আসছে। এখন আমরা কখন থাকি, আর কখন পালাই, কোথায় যাই—ভেবে ঠিক করতে পারছি না।’
পল্লিটি থেকে পুঠিয়া থানায় এসে এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ১ মার্চ সাঁওতালপল্লিতে খুঁটি পোঁতার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। তখন জবরদখল করতে আসা ব্যক্তিদের পুলিশ সতর্ক করে দিয়েছিল, তারা যেন কোনো রকম জবরদখলের চেষ্টা না করে। আইনের মাধ্যমে যে সুরাহা হয়, সে জন্য অপেক্ষা করে।
খবর পেয়ে বিকেলে মুঠোফোনে আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, তিনি ওই পল্লির জমি দখলের জন্য কোনো লোক পাঠাননি। মুক্তিযুদ্ধের সময় তিনি কোনো খুনখারাবিও করেননি। ওই জমি তাঁর পৈতৃক। এ-সংক্রান্ত বৈধ কাগজপত্রও তাঁর আছে।